আমিরের পর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে টলিউডের দুই তারকা, নতুন প্লেব্যাকের জল্পনা তুঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ফেব্রুয়ারির শুরুতেই অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বই থেকে মুর্শিদাবাদে এসেছিলেন আমির খান। বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে টানা তিন দিন অবস্থান করে ছেলে জুনেইদ খানের ‘এক দিন’ ছবির গানের কাজ নিয়েই আলোচনা করেছিলেন তিনি। এবার টলিউড মহলে নতুন জল্পনা, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে দেখা মিলেছে বাংলা চলচ্চিত্র জগতের দুই পরিচিত মুখের।
কয়েক সপ্তাহ আগে, জানুয়ারি মাসেই প্লেব্যাক জগৎ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। যদিও তিনি আগেই জানিয়েছিলেন, আগে থেকে প্রতিশ্রুত কিছু প্লেব্যাকের কাজ শেষ করবেন, তবে এরপর নতুন করে আর কোনও প্লেব্যাক গান গ্রহণ করবেন না। এর মধ্যেই প্রশ্ন উঠছে জিয়াগঞ্জে গায়কের বাড়িতে কারা এলেন?
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আগের দিন গায়কের সঙ্গে দেখা করতে পৌঁছেছেন যিশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই তাঁদের জিয়াগঞ্জে পৌঁছনোর খবর সামনে এসেছে। ফলে যিশু ও ইন্দ্রদীপের উদ্যোগে বাংলা সিনেমায় কোনও নতুন চমক অপেক্ষা করছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনার কাজেও হাত দিয়েছেন যিশু। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক হিসেবে শুরু থেকেই সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন একাধিক ছবির মাধ্যমে। নতুন কোনও ছবির পরিকল্পনা নিয়েই কি এই প্রযোজক-পরিচালক জুটি অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করলেন? সেই উত্তর এখনও স্পষ্ট নয়। যদিও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে, তবু ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পর আবারও বাংলা সিনেমায় অরিজিৎ সিংয়ের কণ্ঠ শোনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



