
প্রথম দফার ভোট চলাকালীন দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৭০০-রও বেশি অভিযোগ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে। পাশাপাশি, ইভিএম বিকল হওয়া সংক্রান্ত অভিযোগের সংখ্যাও উল্লেখযোগ্য।
প্রথম দফার ভোট চলাকালীনই কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদি দাবি করেন, ৫০ বছরে এই প্রথম বাংলায় হিংসামুক্ত ভোট হচ্ছে এবং রেকর্ড সংখ্যক ভোটার অংশগ্রহণ করছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এসআইআর-এর পর এই নির্বাচনে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। তবে দিনের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিকল হওয়ার খবর সামনে আসতে থাকে। বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, শমসেরগঞ্জের ২১২ নম্বর বুথ, মুর্শিদাবাদের কান্দি কেন্দ্রের ১৩০ নম্বর বুথ এবং কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথ-সহ একাধিক স্থানে ইভিএমে ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পরে ভোটগ্রহণ শুরু হয়। এই সমস্ত বিষয় নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ বলেই দাবি করা হচ্ছে, তবুও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ভোটারদের উপর চাপ সৃষ্টি করছেন এবং কোথাও কোথাও হেনস্তাও করছেন। ঝাড়গ্রাম ও চোপড়া-সহ বিভিন্ন এলাকায় ভোটারদের মারধরের ঘটনাও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এই সংক্রান্ত প্রায় ১০০টিরও বেশি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। দুপুর ২টো পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।



