ফুটবলরাজ্য

⚡ ডার্বির আগেই বড় ধামাকা! যুবভারতীতে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু, টুটু বোসের স্মরণে বিশেষ সিদ্ধান্ত!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

CM Suvendu Adhikari Derby : ⚡ ডার্বির আগেই বড় ধামাকা! যুবভারতীতে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু, টুটু বোসের স্মরণে বিশেষ সিদ্ধান্ত! - West Bengal News 24

রবিবার যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। এই ম্যাচে জয়ী দল আইএসএল শিরোপার অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে। ডার্বি দেখতে যুবভারতীতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়াত টুটু বোসের স্মৃতির উদ্দেশে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

সম্প্রতি প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস, যিনি টুটু বোস নামেই অধিক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা ফুটবল মহলে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, টুটু বোসের পুত্র ও মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই আলোচনা অনুযায়ী ডার্বি শুরুর আগে নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কল্যাণ জানান, “আমাকে সৃঞ্জয় বোস ফোন করেছিলেন, যদি নীরবতা পালন করা যায়। আমি বলেছি অবশ্যই। বাংলার ফুটবল ও মোহনবাগানের ক্ষেত্রে টুটুবাবুর ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন মোহনবাগানের সভাপতি ছিলেন। ফেডারেশন অবশ্যই তাঁকে সম্মান জানাবে।”

আরও পড়ুন :: ‘এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হয় না!’ নিউটাউনে মিঠুনের বাড়িতে শুভেন্দু, মহাগুরুর মুখে ‘সেরা’ তকমা

এর আগেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ্যে এসেছিল। এবার ফেডারেশন সভাপতি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছি। ক্রীড়ামন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এত বছরের আইএসএলে কখনও বড় ম্যাচ ট্রফিজয়ের নির্ণায়ক ভূমিকা নিতে পারে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তো আমার অন্তত মনে পড়ছে না। বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে। ভরা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি বাংলার ফুটবলকে বাড়তি উৎসাহ যোগাবে।”

বর্তমানে ১১ ম্যাচ শেষে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলেরই সংগ্রহ ২২ পয়েন্ট। ফলে এই ডার্বির ফলাফল কার্যত লিগজয়ের দৌড়ে বড় প্রভাব ফেলতে চলেছে। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত মনে করেন, ডার্বি ও আইএসএল জিততে পারলে সেটাই হবে টুটু বোসকে প্রকৃত সম্মান জানানো। তিনি বলেন, “টুটুবাবুর আশীর্বাদ আমাদের উপর সবসময় আছে। আমরা আশা রাখি কালকের ডার্বি জিতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারব। কালকের ম্যাচ জিততে পারলে আইএসএল চ্যাম্পিয়ন হব। সেটাই হবে টুটুদাকে সত্যিকারের সম্মান জানানো।”

তবে ম্যাচের আগে রেফারিং প্রসঙ্গে ইস্টবেঙ্গলকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। দেবাশিস দত্ত বলেন, “যদি ১১ জন বনাম ১১ জন খেলা হয়, তাহলে আমরা জিতব। আর ১১ জনের বদলে যদি ১৪ জন খেলে, তাহলে মুশকিল। আমরা সেটা নিয়ে আতঙ্কিত।”

আরও পড়ুন ::

Back to top button