আবারও হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত! গ্রেফতারি এড়াতে মরিয়া চেষ্টা, শুক্রবারই কি ভাগ্য নির্ধারণ?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আবারও কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকেই আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানির জন্য বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন, শুক্রবার মামলাটির শুনানি হতে পারে। এর আগে একই বিষয়ে একবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সুমিতের আইনজীবী। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে।
জমি সংক্রান্ত দুর্নীতি এবং নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ-সহ একাধিক গুরুতর মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। সেই অভিযোগগুলির তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের নজরে আসেন তিনি। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করতেই তিনি আত্মগোপন করেন বলে অভিযোগ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিস জারি করে।
আরও পড়ুন :: রাজ্য বাজেটে বিরাট ধামাকা! নির্মলার দরবারে স্বপন, বেকার ও কৃষকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর?
এরপর গত সোমবার আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান সুমিতের আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও তাৎক্ষণিকভাবে সেই আবেদন গ্রহণ করা হয়নি। তবে ফের আদালতের দৃষ্টি আকর্ষণের পর শুক্রবার শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেপ্তারের পর তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি শালবনির একটি জমি দুর্নীতি মামলাতেও তাঁর নাম অভিযুক্তদের তালিকায় রয়েছে।
তদন্তের সূত্র ধরে সুমিত রায়ের খোঁজে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনেও পৌঁছয় শালবনি থানার পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল টাওয়ারের অবস্থান বিশ্লেষণ করেই ওই অভিযানে গিয়েছিলেন তদন্তকারীরা। তবে তারপর থেকে এখনও পর্যন্ত সুমিত রায়ের খোঁজ পাওয়া যায়নি।



