নবান্নে হাইভোল্টেজ বৈঠক! শিল্প করিডর থেকে পর্যটন – বাংলার মেগা উন্নয়নে এবার একাধিক প্রস্তাব এডিবির
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে আনল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শিল্প করিডর, গণপরিবহণ ব্যবস্থা, লজিস্টিকস হাব এবং পর্যটন খাতের সম্প্রসারণ-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রূপরেখা তুলে ধরেছে সংস্থাটি। এই বিষয়ে মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে বসেন এডিবির শীর্ষ আধিকারিকরা।
সূত্রের খবর, এডিবির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে উপস্থাপন করা হবে। এরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রশাসনিক মহলের মতে, এডিবি প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন :: তনয় শাস্ত্রীর দায়ের করা এফআইআরে আপাতত স্থগিতাদেশ, হাই কোর্টে স্বস্তি পেলেন মিমি চক্রবর্তী
রাজ্যে শিল্পায়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে বর্তমান সরকার। চলতি সপ্তাহেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেই বাজেট উপস্থাপন করেন। প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তাদের মতে, বাজেট পেশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এডিবির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার অর্থ, রাজ্য সরকার দ্রুত পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিল্প বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল করতে আগ্রহী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই উন্নয়নমূলক প্রকল্পগুলিতে সহযোগিতার আশ্বাসও দিয়েছে এডিবি। বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকায় চারটি ‘সিটি ইকোনমিক রিজিয়ন’ (সিইআর) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কলকাতা-ডানকুনি-দুর্গাপুর-আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডর গড়ে তোলার ক্ষেত্রেও আর্থিক সহযোগিতার আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।
এছাড়াও হলদিয়া-খড়গপুর শিল্প করিডর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করিডর তৈরির প্রস্তাবও সামনে এসেছে। ডানকুনি, শিলিগুড়ি এবং হলদিয়ায় আধুনিক লজিস্টিকস হাব গড়ে তোলা, গণপরিবহণে ইলেকট্রিক বাসের ব্যবহার বৃদ্ধি, পরিযায়ী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ার আবাসন নির্মাণ এবং বিভিন্ন পর্যটন ক্লাস্টার গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছে এডিবি।
রাজ্যের শিল্প, পরিবহণ ও পর্যটন খাতে নতুন গতি আনতে এই প্রস্তাবগুলি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।



