শনি-রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একের পর এক লোকাল বাতিল! ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা, দেখে নিন সম্পূর্ণ তালিকা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রেলের পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে আগামী ২৭ ও ২৮ জুন, শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনের তরফে গুরুত্বপূর্ণ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালিগঞ্জ স্টেশন এলাকায় টানা সাড়ে ৬ ঘণ্টা এই ব্লক কার্যকর থাকবে। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুটও সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক চলবে। মোট ৩৯০ মিনিট ধরে চলা এই ব্লকের সময় সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হবে। সপ্তাহান্তে নিত্যযাত্রী ও অফিসগামী মানুষের সংখ্যা তুলনামূলক কম থাকায় এই সময়েই রক্ষণাবেক্ষণের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটির যাত্রাপথও সীমিত করা হয়েছে।
আরও পড়ুন :: কলকাতা-সহ একাধিক পুর এলাকায় আপাতত বন্ধ নির্মাণকাজ, সব বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে বিশেষ কমিটি রাজ্যের
২৭ জুন ২০২৬ (শনিবার) বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:
১) শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর : ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন / ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ
২) শিয়ালদহ–ক্যানিং : ৩৪৫৫৪ ডাউন, ৩৪৫৫৫ আপ
৩) শিয়ালদহ–ডায়মন্ড হারবার : ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন / ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ
৪) শিয়ালদহ–বজবজ : ৩৪১৬২ ডাউন, ৩৪১৬১ আপ
৫) শিয়ালদহ–সোনারপুর : ৩৪৪৩৬ ডাউন
২৮ জুন (রবিবার) বাতিল হওয়া ট্রেন:
১) শিয়ালদহ–সোনারপুর : ৩৪৪১২ ডাউন / ৩৪৪১১ আপ
এছাড়া, একাধিক ট্রেনের যাত্রাপথও অস্থায়ীভাবে পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেন শুধুমাত্র সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে। আবার কিছু ট্রেন ওই দুই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। ব্লক শুরু হওয়ার আগে নির্ধারিত সমস্ত স্টপেজ অতিক্রম করে চলাচলকারী শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন এবং ৩৪৫৫৩ আপ। অন্যদিকে ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন।
এ প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, “রেলের পরিকাঠামোর মান বজায় রাখতে এই সংরক্ষণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। নিরাপদ ও দ্রুততর রেলযাত্রার জন্য যাত্রীদের কাছ থেকে সাহায্য চেয়েছেন তিনি।”



