“কাউকে ছাড়া হবে না!” তারাতলা কাণ্ডে ফিরহাদের সইয়ের উল্লেখ করে বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

তারাতলার নির্মীয়মাণ গোডাউনের অনুমোদিত বিল্ডিং প্ল্যানে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) স্বাক্ষর রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা ওই গোডাউনের নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দেয়।
সেই নথিতে প্রাক্তন মেয়রের পাশাপাশি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও স্বাক্ষর রয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে। কাউকে ছাড়া হবে না।”
আরও পড়ুন :: শনি-রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একের পর এক লোকাল বাতিল! ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা, দেখে নিন সম্পূর্ণ তালিকা
তারাতলার নির্মীয়মাণ গোডাউন (Taratala Factory Collapse) ধসে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন বিধানসভায় মৃত ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করার পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলের বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এই ঘটনাকে রাজনৈতিক রং দিতে চান না, তবে যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমনকি কলকাতা পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “প্ল্যানের অনুমোদনে আমিনুর শেখ (সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার), নির্মলেন্দু সরকার (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার), রঞ্জন দাসের (কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার) সই রয়েছে। রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই। কাউকে ছাড়া হবে না।”
আরও পড়ুন :: কলকাতা-সহ একাধিক পুর এলাকায় আপাতত বন্ধ নির্মাণকাজ, সব বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে বিশেষ কমিটি রাজ্যের
তিনি আরও জানান, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কলকাতা পুরসভা প্রয়োজনীয় আধুনিক উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করেনি। মুখ্যমন্ত্রী বলেন, “কোনও অত্যাধুনিক যন্ত্র কেনননি। বাংলার ক্ষতি করে দিয়ে গিয়েছেন। সেনা ডাকা হয়েছে। বিহার রেজিমেন্ট যন্ত্র নিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেছে।”
এদিন বিধানসভায় কলকাতা পুরসভার বিভিন্ন বিল্ডিং প্ল্যান অনুমোদন প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘কালী’ নামে এক ব্যক্তি পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা পুরসভায় কী হয়েছে আমরা জানি না? কালীকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে। কালী না বললে কোনও প্ল্যান হয় না। কালীই বাইপাসের ধারে তৃণমূল ভবন বানাচ্ছে। এফআইআর হয়েছে, ব্যবস্থা নিচ্ছি।” পাশাপাশি তারাতলার দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনী, এনডিআরএফ, কলকাতা পুলিশ, সিভিল ডিফেন্স এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান তিনি।



