জাতীয়

পুরীর রথযাত্রায় ভয়াবহ হুড়োহুড়ি, পদপিষ্ট অন্তত ১২০ পুণ্যার্থী, মৃত্যু ১ জনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুরীর রথযাত্রায় ভয়াবহ হুড়োহুড়ি, পদপিষ্ট অন্তত ১২০ পুণ্যার্থী, মৃত্যু ১ জনের - West Bengal News 24

রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে এবারও বিপুল ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত। জগন্নাথদেবকে একবার চোখের দেখা দেখতে ভক্তদের প্রবল উৎসাহের মধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হন অন্তত ১২০ জন পুণ্যার্থী। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত ও অসুস্থদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির সংলগ্ন এলাকায় ভক্তদের ভিড় উপচে পড়ে। জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক ঠেলাঠেলি ও হুড়োহুড়ি শুরু হয়। তীব্র গরমেও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্সে করে অসুস্থদের হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন :: ‘২১ জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান’, বিক্ষুব্ধদের উদ্দেশে কড়া বার্তা মমতার

জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথের রশি টানার জন্য ভক্তদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কির জেরে অনেকে মাটিতে পড়ে যান। প্রবল ভিড়ের চাপে বহু পুণ্যার্থী কার্যত পিষ্ট হন। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অধিকাংশই শ্বাসকষ্ট, শরীরে জলশূন্যতা এবং ভিড়ের অতিরিক্ত চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে তাঁদের ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রথযাত্রা উপলক্ষে আগে থেকেই সতর্ক ছিল ওড়িশা প্রশাসন। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশকর্মী ও দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রস্তুত রাখা হয়েছিল দমকল এবং চিকিৎসকদের বিশেষ দলও।

জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য আগে থেকেই পৃথক উদ্ধারপথ তৈরি করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথদর্শন করতে এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে লাগাতার মাইকিংও করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button