রাশিফল ও ভবিষ্যৎ

রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটিপুজো, এবার দু’দিন সপ্তমী, দুর্গাপুজোর আর কত বাকি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটিপুজো, এবার দু’দিন সপ্তমী, দুর্গাপুজোর আর কত বাকি? - West Bengal News 24

রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাঙালির মনে বেজে ওঠে শারদোৎসবের আগমনী সুর। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ির উদ্দেশে যাত্রা শুধু একটি ধর্মীয় উৎসবের সূচনা নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগোনাও কার্যত শুরু হয় এই দিন থেকেই। গ্রীষ্মের তাপ কাটিয়ে বর্ষার এই শুভ তিথিতে শহর থেকে গ্রাম, বহু পুজোমণ্ডপে শুরু হয় খুঁটিপুজো। রথযাত্রার পুণ্যলগ্নেই মর্ত্যে দেবী দুর্গার আগমনের প্রস্তুতি আনুষ্ঠানিক রূপ পায়।

গত বছরের তুলনায় এ বছর শারদোৎসব কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো শুরু হয়েছিল। কিন্তু ২০২৬ সালে পুজোর মূল পর্ব পড়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে।

আরও পড়ুন :: রথের দিন ঘরে আনুন এই ৪ জিনিস! চুম্বকের মতো টানবে টাকা, দূর হবে সব বাস্তুদোষ

পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর, শনিবার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে। ওই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবীপক্ষ। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সুরে দেবীর আবাহনে মেতে উঠবে বাঙালি। পরদিন, ১১ অক্টোবর প্রতিপদ তিথি থেকে শুরু হবে শারদীয়া নবরাত্রি।

## ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

এবারের পুজোর বিশেষ আকর্ষণ মহাসপ্তমী। পঞ্জিকার হিসাব অনুযায়ী, এ বছর পরপর দু’দিন মহাসপ্তমী পালিত হবে।

মহাষষ্ঠী: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬, শনিবার ও রবিবার
মহাষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার
মহানবমী: ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার
বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬, বুধবার

## গজে আগমন, নৌকায় গমন

শাস্ত্রীয় রীতি অনুযায়ী, তিথি ও বার বিচার করেই দেবীর আগমন ও গমনের বাহন নির্ধারিত হয়। এবার মহাসপ্তমী রবিবার পড়ায় দেবী দুর্গার আগমন হবে গজে, অর্থাৎ হাতিতে। শাস্ত্রে গজকে দেবীর অন্যতম শুভ বাহন হিসেবে বিবেচনা করা হয়। গজে আগমনের অর্থ সুখ, শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা। পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টিপাতেরও ইঙ্গিত মেলে।

অন্যদিকে, বিজয়া দশমী বুধবারে পড়ায় দেবীর গমন হবে নৌকায়। শাস্ত্রীয় বচন ‘শস্যবৃদ্ধিস্তথাজলম’ অনুযায়ী, নৌকায় গমনের ফলে একদিকে যেমন শস্য উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে, অন্যদিকে অতিবৃষ্টি কিংবা প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সব মিলিয়ে, রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই গোটা বাংলায় শুরু হয়ে গেল দুর্গাপুজোর আনুষ্ঠানিক কাউন্টডাউন।

আরও পড়ুন ::

Back to top button