
নতুন করে আইনি সমস্যায় জড়ালেন কালীঘাট তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০৩১ সালে সুদ-সহ হিসেব মেটানোর মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক যুবক বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একাধিক ধারায় অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট মন্তব্যের ভিডিও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত কোথায়? সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার অভিযান চালানো হয়। ওই দিন সাংবাদিকদের সামনে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।”
আরও পড়ুন :: ‘বিদেশিদের কাঠের পুতুল, পরিণতি হবে … ’, যন্তর মন্তরের ‘ককরোচ’ বিক্ষোভ নিয়ে দিলীপের ভবিষ্যদ্বাণী
এরপর আরও কড়া সুরে অভিষেক বলেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।” অভিযোগকারীর দাবি, এই মন্তব্যের মধ্যে হুমকির ইঙ্গিত রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি এবং কয়লা ও বালি পাচার সংক্রান্ত অভিযোগের পাশাপাশি রাজনৈতিক পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা সামনে এসেছে। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, স্বাক্ষর জাল এবং ডিজে-সংক্রান্ত মন্তব্যের মতো বিভিন্ন ঘটনায় রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিভিন্ন মামলায় তাঁকে সিআইডি ও রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হচ্ছে। এবার সেই মামলার তালিকায় যুক্ত হল আরও একটি নতুন এফআইআর।



