বিনোদন

প্রথমবার একসঙ্গে যশ-প্রিয়াঙ্কা

প্রথমবার একসঙ্গে যশ-প্রিয়াঙ্কা - West Bengal News 24

টলিউডের এই সময়ের হিট নায়কদের অন্যতম যশ দাশগুপ্ত। তার কথা বলার ধরণ, স্টাইল, অভিনয়, অ্যাশকন- সবকিছুতেই তাক লাগানো ভাব। ইন্ডাস্ট্রিতে তিন বছরের কেরিয়ারে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং সঞ্জনা ব্যানার্জির মতো নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন যশ। নতুন করে এবার নায়ক জুটি বাধতে চলেছেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে।

যশ ও প্রিয়াঙ্কাকে জুটি করে ছবি নির্মাণ করতে চলেছে সুরিন্দর ফিল্মস। পরিচালনার চেয়ারে আছে সুজিত মন্ডল। যদিও ছবির নাম এখনও ঘোষণা হয়নি। নির্মাতা কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, ছবিতে থাকবে অন্যরকম একটি প্রেমের গল্প। যেখানে যশ দাশগুপ্তের চরিত্রের নাম অর্জুন এবং প্রিয়াঙ্কা সরকার থাকবেন হিয়া চরিত্রে। ছবির গল্প লিখেছেন শ্বেতা ভরদ্বাজ ও মনীশ শর্মা।

যশ-প্রিয়াঙ্কার নতুন এ ছবির গল্পে দেখা যাবে, অর্জুন ও হিয়া প্রথমে একসঙ্গে থাকলেও পরে পরিস্থিতির চাপে তাদের আলাদা হতে হয়। জীবনে নানা ওঠা-পড়া, জীবন-মৃত্যুর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অর্জুন ও হিয়াকে। হিয়াকে প্রথমবার দেখেই একসময় তার প্রেমে পড়েছিল অর্জুন। হিয়ার সেই ভালোবাসাই অর্জুনের ব্যথায় প্রলেপ লাগাবে, এভাবেই এগোবে ছবির গল্প।

রোমান্টিক-ড্রামা এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করবেন টলিউড ও বলিউডের নামকরা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। খুব শিগগির শুটিং শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা ও প্রযোজনা কর্তৃপক্ষ। তার আগে জানানো হবে ছবির নাম ও অন্যান্য কলাকুশলীদের সম্পর্কে।

আরও পড়ুন ::

Back to top button