
একের পর এক বৈঠক। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতিতে কোনও উন্নতি নেই। প্রত্যেকদিনই কার্যত ছক বদলে চলেছে চিন। তবে সেনা সরানোয় নেই কোনও সদর্থক পদক্ষেপ। উলটে ক্রমশ সেনা বিল্ড আপ চালাচ্ছে বেজিং। এই পরিস্থিতিতে এবার চিন সীমান্তের কাছে মোতায়েন করা হল শক্তিশালী অস্ত্রসম্পন্ন ভারতীয় সেনাবাহিনী।
চিনা আগ্রাসন ঠেকাতে এবার কড়া সিদ্ধান্ত ভারতের। সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বাহিনী, যাদের কাছে রয়েছে রাশিয়ার শক্তিশালী ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম। যা ভারতের আকাশসীমায় শ্ত্রুদের অনুপ্রবেশকে আটকাতে সক্ষম”।
চিন ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনীও। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে ‘৯কে৩৮ ইগলা’ মিসাইলের দ্রুত আমদানি করেছে ভারত। এর মাধ্যমে ভারতীয় আকাশ সীমায় ঢুকলে চিনা ও পাকিস্তানি যুদ্ধবিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে বলে ভারতীয় সেনা জানিয়েছে।
রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ‘ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম’ দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ লাইন-অফ-অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই চিনকে এভাবেই কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত।
[ আরও পড়ুন : ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪ ]
যে কোনও রকম উসকানিমূলক কাজ এবং আকাশসীমা লঙ্ঘনকে আটকাতে সক্ষম এই অস্ত্র। ভারতের মাটিতে ঢুকলেই হামলা চালাতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। চিনকে মুখের ওপর জবাব দিতে সীমান্তে ভারত সাজিয়েছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও মিরাজ ২০০০।
একদিকে ভারতকে বিভিন্ন বৈঠকের নামে ব্যস্ত রাখা, অন্যদিকে সুকৌশলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সাজিয়ে যাওয়া। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চিন। ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
চিনের মোকাবিলায় সামরিক কায়দায় জবাব দেওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে ভারত এবং চিনের সেনাবাহিনী আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালাচ্ছে। আর সেই সমাধানের রাস্তা বন্ধ হলেই সামরিক রাস্তায় এগনোর কথা ভারত ভাববে বলেও জানিয়েছেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)। গত কয়েকমাস ধরে লাগাতার উস্কানি চালিয়ে যাচ্ছে চিন।
বিশেষত সাতটি বায়ুসেনার ঘাঁটির তালিকা তৈরি হয়েছে, যেখানে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এই সাতটি বায়ুসেনা ঘাঁটি হল হোটান, গার গুনসা, কাশঘার, হোপিং, ঢোংকা ডিজং, লিংঝি ও পনঘাট। এই সাতটি বায়ুসেনা ঘাঁটি ছড়িয়ে রয়েছে চিনের ঝিজিয়াং ও তিব্বত রিজিয়নে। চিনা বায়ুসেনার সাতটি ঘাঁটির ওপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনা। নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন চিনা বায়ুসেনার প্রতিটি মুভমেন্ট নজরে রাখা হয়েছে।
সুত্র : কলকাতা24×7



