
বলিউডের দুই কিংবদন্তি তারকার বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকার। বাড়িগুলো কেনার পর অধিগ্রহণ করে ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষিত করা হবে।
সংবাদ মাধ্যমের খবর, বলিউডের দুই তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাড়ি দুটির ভবনকে ‘হেরিটেজ বিল্ডিং’ হিসেবে ঘোষণা করা হয়। এরইমধ্যে দুই কিংবদন্তি বলিউড তারকার পূর্বপুরুষের বাড়ি কিনে নিতে বাজেট বরাদ্দ করেছে খাইবার-পাখতুনখাওয়া প্রত্নতত্ত্ব বিভাগ।
ব্রিটিশ ইন্ডিয়া বিভাগের আগে পেশোয়ার শহরেই জন্মেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসের অপরিহার্য দুই তারকা রাজ কাপুর ও দিলীপ কুমার। সেই তারকাদের বাড়ির বর্তমান বাজার দর নির্ধারণ করতে পেশোয়ার ডেপুটি কমিশনারের কাছে একটি সরকারি চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুুন: মাদককাণ্ডে চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত
কুইসা খাওয়ানি বাজারে অবস্থিত রাজ কাপুরের পূর্বপুরুষের বাড়িটি ‘কাপুর হাভেলি’ নামে পরিচিত। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে অভিনেতার দাদা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর বাড়িটি নির্মাণ করেন। সেখানেই রাজ কাপুরের জন্ম হয়। একই এলাকায় দিলীপ কুমারের পূর্বপুরুষের ১০০ বছরেরও বেশি পুরোনো বাড়িটিও রয়েছে।
এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দুই কিংবদন্তি তারকার বাড়িগুলো ভেঙে ফেলে কমার্শিয়াল প্লাজা নির্মাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা আটকে দেয় পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগ। এদিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকারের কাছে ২০০ কোটি রুপির বিনিময়ে ‘কাপুর হাভেলি’ বিক্রি করার দাবি করেছেন বাড়িটির বর্তমান মালিক আলী কাদর।



