রাজ্য

উচ্চ প্রাথমিকে সশরীরে হাজির থেকেই দিতে হবে ইন্টারভিউ, নির্দেশ কমিশনের

উচ্চ প্রাথমিকে সশরীরে হাজির থেকেই দিতে হবে ইন্টারভিউ, নির্দেশ কমিশনের - West Bengal News 24

সোমবার বিকেলে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগে ও পরে একগুচ্ছ নিয়োগের কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। এবার জানা গেল ইন্টারভিউ প্রক্রিয়ার কথা। তালিকা অনুযায়ী উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ হবে অফলাইন মাধ্যমে। অনলাইনে ইন্টারভিউ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল আপাতত তা হচ্ছে না বলেই খবর শিক্ষা দফতর সূত্রে।

শোনা যাচ্ছে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে যখন রাজ্যে গণপরিবহণ চালু হবে, তখনই হবে ইন্টারভিউ। এবং যথারীতি তারপর নিয়োগ। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনকে অফলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। অর্থাত্‍ সশরীরে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের।

এমন গুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইন মাধ্যমের উপর ভরসা রাখা হচ্ছে না। কমিশন অবশ্য প্রথমে অনলাইনেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা ভেবেছিল। সেইমতো নেওয়া হচ্ছিল প্রস্তুতিও। কারণ কোভিড আবহে কবে সব আবার স্বাভাবিক হবে তা অনিশ্চিত। কিন্তু শিক্ষা দফতরের নির্দেশ গিয়েছে তাঁদের কাছে।

সোমবার বিকেল ৪টেয় উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল এসএসসি। প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীর নাম ছিল তাতে। তার আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উচ্চ প্রাথমিক আর প্রাথমিকে প্রচুর নিয়োগের কথা। তবে সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই নিয়োগ হবে সম্পূর্ণ মেধা আর যোগ্যতার ভিত্তিতে। কোনওরকম লবি করা যাবে না।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button