
চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আটে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। সেভিয়ায় বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা মাঠে নামবেন। পর্তুগালের বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষের সব সময় টার্গেট থাকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকে রাখা। তবে বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড বলছেন, শুধু রোনালদোকে নিয়ে ভাবলে চলবে না।
প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে আল্ডারভাইরেল্ড বলেন, ‘অবশ্যই সবাই ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই বলে, সে বিশ্বের সেরাদের একজন। তবে পর্তুগাল মানেই শুধু তিনি নন। তাকে ঘিরে আরো অনেক মানসম্পন্ন ফুটবলার আছেন, যারা তাকে সুযোগ তৈরি করে দেয়। তারা দারুণ একদল। খুব আঁটসাঁট ফুটবল খেলে এবং তারা জানে বড় টুর্নামেন্টে বড় ম্যাচে কিভাবে খেলতে হয়। অভিজ্ঞতাও প্রচুর তাদের। আমার তাই মনে হয়, ওদেরকে হারাতে হলে নিজেদের খেলার চূড়ায় থাকতে হবে আমাদের।’
আল্ডারভাইরেল্ডের মতে, এ রকম টুর্নামেন্টে সহজ-কঠিন প্রতিপক্ষ বলে কিছু নেই, ‘আমার মনে হয় না, প্রতিপক্ষ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো ব্যাপার এসব জায়গায় আছে। ধরুন, পর্তুগাল না হয়ে আমাদের সঙ্গে যদি হাঙ্গেরির খেলা হতো এবং সবাই তখন ভাবতে শুরু করত, ‘এই ম্যাচ সহজ হতে যাচ্ছে’, মানসিকতা এ রকম থাকলে এ ধরনের ম্যাচের জন্য উজ্জীবিত হওয়া কঠিন। আমরা শীর্ষ একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং এটাই আমাদেরকে বাধ্য করবে সেরাটা দিতে।’



