মন্দিরের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, নিশানায় তৃণমূল

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের খয়রাশোলে। মৃতের নাম ইন্দ্রজিত্ সূত্রধর। তিনি খয়রাশোলের হজরতপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে মৃত যুবক হজরতপুরের ৪৬ নম্বর বুথ সভাপতি। এদিন জঙ্গলের পাশে এক পরিত্যক্ত বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
খয়রাশোল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ইন্দ্রজিত্কে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা দাবি করেছেন, মৃত ওই যুবক তাঁদের বুথ সভাপতি। তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক খুন করেছে।
গলায় ফাঁস দিয়ে, হাতে দড়ি বেঁধে খুন করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছে বিজেপি। এমনকি দোষীদের গ্রেফতার না করা হলে মৃতদেহ দাহ করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে তারা।
এটা নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। তবে পুলিশ জানিয়েছে এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই। যদিও এটা যে খুনের ঘটনা তা মেনে নিয়েছে পুলিশ। তাদের দাবি প্রেমঘটিত কোনও কারণে এমনটা করা হতে পারে।
ঘটনার পর খয়রাশোল থানার পুলিশ মৃত ঐ যুবকের দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। নিজেদের মতো করে তদন্তও শুরু করেছে তারা।
সূত্র : দ্য ওয়াল


