রাজ্য

কেন্দ্রকে টেক্কা! ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রাজ্যের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেন্দ্রকে টেক্কা! ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রাজ্যের - West Bengal News 24

ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে গ্রামাঞ্চলের কর্মসংস্থান নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ১০০ দিনের কাজের রাজ্য প্রকল্প ‘মহাত্মাশ্রী’-তে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, এই খাতে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্যের এই সিদ্ধান্তে গ্রামবাংলার বহু শ্রমিক ও কৃষকের উপকার হবে বলেই মনে করা হচ্ছে। অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গ্রামাঞ্চলে। ছাব্বিশের ভোটের আগে প্রত্যন্ত এলাকায় এই সিদ্ধান্ত যে রাজনৈতিক ও সামাজিকভাবে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের ১০০ দিনের কাজের প্রকল্পে ‘বাপু’র নাম যুক্ত করে। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘মহাত্মাশ্রী’। সেই প্রকল্পেই এবার আর্থিক বরাদ্দ বাড়ানোর প্রস্তাব এল। উল্লেখযোগ্যভাবে, গত রবিবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ বা ‘ভিবি জিরামজি’ প্রকল্প নিয়ে কোনও নতুন ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে ১০০ দিনের কাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের নাম পরিবর্তন ঘিরে সংসদের শীতকালীন অধিবেশনে বিস্তর বিতর্ক হয়েছিল। প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা গান্ধী’ শব্দবন্ধ বাদ দিয়ে ‘রাম’ নাম যুক্ত করার সিদ্ধান্তে বিরোধীদের আপত্তি উপেক্ষিতই থেকে যায়। তারই প্রতিবাদে রাজ্য সরকার নিজেদের প্রকল্পের নাম পরিবর্তন করে। রাজ্যপালের অনুমোদনে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে ‘মহাত্মাশ্রী’ করা হয়, যা গত ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি কর্মদিবস বাড়ানোর কথাও জানানো হয়েছে।

ছাব্বিশের আগে অন্তর্বর্তী বাজেটে ১০০ দিনের কাজ নিয়ে নতুন কী ঘোষণা আসে, সেদিকেই নজর ছিল। বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রামাঞ্চলে আরও বেশি শ্রমিক ও কৃষক কাজের সুযোগ পাবেন এবং বছরে নির্দিষ্ট দিনের কাজের বিনিময়ে আগের তুলনায় বেশি অর্থ হাতে আসবে তাঁদের।

১০০ দিনের কাজের অর্থপ্রদান নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন দীর্ঘদিনের। রাজ্যের অভিযোগ, কাজ করিয়ে কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না, যার ফলে দরিদ্র শ্রমিক ও কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এই ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিকবার সরব হয়েছে এবং দিল্লির রাজপথে আন্দোলনও করেছে। পরিস্থিতির কোনও সমাধান না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই প্রকল্পে আর কেন্দ্রের উপর নির্ভর করা হবে না, রাজ্যের কোষাগার থেকেই টাকা দেওয়া হবে। সেই লক্ষ্যেই ‘কর্মশ্রী’ প্রকল্প চালু হয়, যা পরে ‘মহাত্মাশ্রী’ নামে পরিচিতি পায়।

সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ নিয়ে কোনও ঘোষণা না থাকলেও, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে এই খাতে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে গ্রামাঞ্চলের মানুষের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য