রাজ্য

শাসক থেকে বিরোধী: বিধানসভায় নতুন ইনিংস তৃণমূলের, বিধায়কদের সুবিধা দেখতে ময়দানে শোভনদেব-ফিরহাদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শাসক থেকে বিরোধী: বিধানসভায় নতুন ইনিংস তৃণমূলের, বিধায়কদের সুবিধা দেখতে ময়দানে শোভনদেব-ফিরহাদ - West Bengal News 24

বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিভিন্ন সুবিধা ও পরিকাঠামোগত বিষয় পর্যালোচনা করতে বুধবার সেখানে পৌঁছন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং মুখ্য সচেতক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এদিন প্রোটেম স্পিকার তাপস রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রায় ১৫০ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। পাশাপাশি নিয়ামত শেখ-সহ তৃণমূলের আরও কয়েকজন বিধায়কও শপথ নেন। সরকার পরিবর্তনের পর এবার থেকে তৃণমূল বিধায়কদের বসতে হবে বিরোধী বেঞ্চে। তাঁদের জন্য নির্ধারিত কক্ষ ও অন্যান্য ব্যবস্থাও খতিয়ে দেখতে বিধানসভায় যান শোভনদেব ও ফিরহাদ।

যদিও বুধবার শোভনদেব ও ফিরহাদের শপথগ্রহণ হয়নি, তা নির্ধারিত রয়েছে বৃহস্পতিবার। তবুও দলের বিধায়কদের স্বার্থে তাঁরা এদিন বিধানসভায় উপস্থিত হন। একইসঙ্গে বিধানসভায় আসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন :: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ মাসে ৩০০০, আরও বাড়ছে বিধবা ও বার্ধক্য ভাতা

বিধায়কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়েও খোঁজখবর নেন শোভনদেব। পাশাপাশি বিরোধী শিবিরের জন্য বরাদ্দ কক্ষগুলিও পরিদর্শন করেন তাঁরা। ফিরহাদ বলেন, “আমাদের বিধায়কদের কোনও অসুবিধা হচ্ছে কি না দেখতে এসেছি।”

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে বিরোধীদের সাংবিধানিক অধিকার খর্ব করা হবে না এবং তাঁদের প্রাপ্য সমস্ত সুযোগ-সুবিধা বজায় রাখা হবে। সেই প্রসঙ্গে শোভনদেব বলেন, “কথা বলা আর বাস্তবে প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে। দেখা যাক কী হয়।” পাশাপাশি তিনি জানান, নতুন বিধায়কদের জন্য আলাদা করে প্রশিক্ষণমূলক ক্লাসও নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টানা ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ফলে এবার বিরোধী আসনে বসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এতদিন শাসকদল হিসেবে যে সুযোগ-সুবিধা তৃণমূল বিধায়করা পেতেন, এখন তা ভোগ করবেন বিজেপির বিধায়করা। এই নতুন পরিস্থিতিতে দলের বিধায়কদের কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই শপথগ্রহণের প্রথম দিন বিধানসভায় যান শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।

আরও পড়ুন ::

Back to top button