বাড়িতে গোপন গুহা, নিখোঁজ বিধায়কের হন্যে হয়ে খোঁজ! এবার গ্রেপ্তারি এড়াতে হাই কোর্টে বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচের আবেদন জানান। বিচারপতি মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
ভোটের ফল ঘোষণার পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” পাশাপাশি বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও দিতে শোনা যায় তাঁকে। ভিডিওটি সামনে আসার পরই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। যদিও ভিডিওটির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল স্বাধীনভাবে যাচাই করেনি।
আরও পড়ুন :: কুরবানি আটকালে আগুন জ্বলবে! শুভেন্দুকে চরম হুঁশিয়ারি হুমায়ুনের, পালটা দিলেন শমীক
এরপর গত ১৪ মে সকালে পৈলানে বিধায়কের বাড়িতে পৌঁছয় পুলিশ ও র্যাফ। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়ির ভিতরে একাধিক বিলাসবহুল সামগ্রী দেখে অবাক হন তদন্তকারীরা। সেখানে দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা এবং কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ছিল বলে জানা গিয়েছে। এমনকি বাড়ির ভিতরে একটি গুহাও রয়েছে বলে দাবি।
তল্লাশি অভিযানের পর থেকেই কার্যত বেপাত্তা হয়ে যান তৃণমূল বিধায়ক। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে গত ১৭ মে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডলের সন্ধানে অভিযান চালান। পরে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই আবহেই গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল।



