⚡ ‘মেসি ইভেন্ট ইডেনেই চেয়েছিলাম, মেলেনি অনুমতি!’ সৌরভের দাবিতে শতদ্রুর বিস্ফোরক পালটা, যুবভারতীর তাণ্ডব নিয়ে তুঙ্গে তরজা!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লিওনেল মেসিকে ঘিরে যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলা নিয়ে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, অনুষ্ঠানটি যদি যুবভারতীর বদলে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হত, তাহলে এমন অরাজক পরিস্থিতি তৈরি হত না। তবে সেই মন্তব্যের পালটা দিয়ে মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, শুরু থেকেই তিনি ইডেনেই অনুষ্ঠান করতে চেয়েছিলেন। কিন্তু সিএবির তরফে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত যুবভারতীকেই বেছে নিতে হয়।
এই মন্তব্য-পালটা মন্তব্য ঘিরে ফের চর্চায় উঠে এসেছে মেসি ইভেন্ট বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ইডেন গার্ডেন্সে অতীতে টি-২০ বিশ্বকাপ ফাইনাল, বিশ্বকাপ সেমিফাইনাল কিংবা আইপিএল সেমিফাইনালের মতো একাধিক হাইপ্রোফাইল ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, তিনি নিজে শতদ্রুকে মেসির অনুষ্ঠান ইডেনে করার অনুরোধ জানিয়েছিলেন। সৌরভ আরও বলেন, মেসি কলকাতায় আসবেন শুনে সিএবি কর্তাদের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস ছিল। মেসির অনুষ্ঠান আয়োজনের জন্য ইডেন খুলে দিতে বোর্ডের কোনও আপত্তি ছিল না বলেও জানান তিনি। তাঁর মতে, শেষ পর্যন্ত শতদ্রুর সিদ্ধান্তেই অনুষ্ঠানটি যুবভারতীতে হয়েছিল। পাশাপাশি সৌরভের দাবি, ইডেনে অনুষ্ঠান হলে সেই মাত্রার বিশৃঙ্খলা তৈরি হত না।
আরও পড়ুন :: ১৩ কোটির ঋণ, অথৈ জলে মহামেডান! ক্লাব বাঁচাতে এবার নওশাদ-হুমায়ুনের দ্বারস্থ সাদা-কালো ব্রিগেড
তবে উদ্যোক্তা শতদ্রু দত্তের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, মেসির অনুষ্ঠান আয়োজনের জন্য প্রথম থেকেই ইডেন গার্ডেন্সকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৫ দিন অপেক্ষা করেও সিএবির তরফে কোনও অনুমতি পাওয়া যায়নি। সেই কারণেই বিকল্প ভেন্যু হিসেবে যুবভারতীকে বেছে নিতে হয়।
শতদ্রুর কথায়, “দাদা মনে হয় ভুলে গিয়েছেন, কিন্তু আমরা ইডেনেই মেসির ইভেন্ট আয়োজন করতে চেয়েছিলাম। সেই সময় নির্বাচন থাকায় আমাকে অনুমতি দিতে পারেনি সিএবি।”
তিনি আরও জানান, ভেন্যু চূড়ান্ত না হলে মেসির ভারত সফরই বাতিল হয়ে যেতে পারত। তাই পরিস্থিতির চাপে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তাঁরা।
দু’পক্ষের পরস্পরবিরোধী মন্তব্যের জেরে এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত মেসির অনুষ্ঠান নিয়ে আসলে কী ঘটেছিল।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসিকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার দর্শক মাঠে ঢুকে পড়েন এবং স্টেডিয়ামের বিভিন্ন অংশে ভাঙচুর ও তাণ্ডবের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মেসি, লুইস সুয়ারেসদের নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন উদ্যোক্তা শতদ্রু দত্ত। পরে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবেই তাঁর অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছিল। এই ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি।



