লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কমাতে বড় উদ্যোগ, রাজ্যজুড়ে শতাধিক আন্ডার ও ওভার ব্রিজ চালু পূর্ব রেলের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লেভেল ক্রসিং সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে এবং যান চলাচল আরও স্বাভাবিক করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলির বিকল্প হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড ওভার ব্রিজ (ROB) এবং রোড আন্ডার ব্রিজ (RUB) তৈরির বৃহৎ পরিকাঠামোগত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে ৫৭৯টি রোড আন্ডার ব্রিজ এবং ২০৭টি রোড ওভার ব্রিজ চালু হয়েছে। সবচেয়ে বেশি ব্রিজ তৈরি হয়েছে হাওড়া ডিভিশনে।
দীর্ঘদিন ধরেই রাজ্যের একাধিক লেভেল ক্রসিংয়ে যানজট ও দীর্ঘ অপেক্ষার সমস্যায় ভুগতে হচ্ছিল সাধারণ মানুষকে। প্রতিদিন অফিসযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে জরুরি রোগী পরিবহণ সকলকেই দীর্ঘ সময় আটকে থাকতে হত লেভেল ক্রসিংয়ে। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ছিল প্রবল। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই রোড আন্ডার ও ওভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
রেলের তরফে জানানো হয়েছে, মূল লক্ষ্য হল রেলপথে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা। একই সঙ্গে ট্রেন চলাচল আরও নিরাপদ ও গতিশীল রাখার দিকেও জোর দেওয়া হয়েছে। স্থানীয় এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত না করেই এই পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, হাওড়া ডিভিশনে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪৪টি রোড আন্ডার ব্রিজ এবং ৫৩টি রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে। এর পরেই রয়েছে শিয়ালদহ ডিভিশন, যেখানে ১১৯টি রোড আন্ডার ব্রিজ ও ৩৭টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে মালদা ডিভিশনে ১১২টি রোড আন্ডার ব্রিজের পাশাপাশি ৫০টি রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে। এছাড়া আসানসোল ডিভিশনে ১০৪টি রোড আন্ডার ব্রিজ এবং ৬৭টি রোড ওভার ব্রিজ চালু করেছে পূর্ব রেল।



