পাহাড়প্রমাণ জল্পনার অবসান! কল্যাণী আইটিআই মোড়ের পুজো থেকে সরছে লুমিনাস ক্লাব, তবে কি বন্ধ হচ্ছে পুজো?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কল্যাণী আইটিআই মোড়ের জনপ্রিয় দুর্গাপুজোকে ঘিরে বড় ঘোষণা। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এবার থেকে এই পুজোর সঙ্গে আর যুক্ত থাকছে না লুমিনাস ক্লাব। তবে এর অর্থ এই নয় যে, দীর্ঘদিনের এই দুর্গাপুজো বন্ধ হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের তরফে স্পষ্ট করা হয়েছে, আগের মতোই কল্যাণী ব্যবসায়ী সমিতি এবং কল্যাণীবাসীদের উদ্যোগে পুজোর আয়োজন করা হবে। খুব শীঘ্রই এবারের পুজোর থিম-সহ অন্যান্য পরিকল্পনাও প্রকাশ্যে আনা হবে।
কল্যাণী আইটিআই মোড়ের এই দুর্গাপুজো দীর্ঘদিন ধরেই জেলা তথা রাজ্যের অন্যতম আকর্ষণীয় পুজো হিসেবে পরিচিত। লুমিনাস ক্লাব ও কল্যাণী ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই পুজো সাম্প্রতিক বছরগুলিতে কলকাতার একাধিক নামী পুজোর সঙ্গে সমানতালে দর্শকদের নজর কেড়েছে। বিশাল মণ্ডপ, ব্যতিক্রমী প্রতিমা এবং সোনার অলঙ্কারে সজ্জিত দুর্গা প্রতিমা এই পুজোর বিশেষ আকর্ষণ ছিল। সাধারণত পুজোর কয়েক মাস আগেই আয়োজকরা তাদের পরিকল্পনা প্রকাশ করলেও, এ বছর দীর্ঘ সময় কোনও ঘোষণা না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছিল।
আরও পড়ুন :: ‘মাইনে বাড়লে আমার লাভ কী?’ এবার পুরসভার ক্যান্টিন কর্মীদেরও কাটমানির খাঁড়া ফিরহাদ-প্রাক্তনের!
অবশেষে সাংবাদিক বৈঠকে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, এবারের দুর্গাপুজো থেকে লুমিনাস ক্লাব নিজেদের সরিয়ে নিচ্ছে। তবে পুজোর আয়োজন অব্যাহত থাকবে এবং সেই দায়িত্ব নেবে কল্যাণী ব্যবসায়ী সমিতি ও কল্যাণীবাসীরা। এক ক্লাব কর্তা বলেন, “এই পুজো প্রথমে শুরু করেছিল কল্যাণী ব্যবসায়ী সমিতি। পরে তাতে যোগ দেয় লুমিনাস ক্লাব। এবারে ৩৪ তম বর্ষের পুজো। এবারের পুজো থেকে সরছে ক্লাব। তবে পুজো হবে। কল্যাণীবাসী ও ব্যবসায়ী সমিতি পুজো করবে।”
বিগত কয়েক বছরে এই দুর্গাপুজোয় তৃণমূল নেতাদের সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগও সামনে এসেছিল। এ বছর সেই পরিস্থিতি কী হবে, তা নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে ওই ক্লাবকর্তা জানান, “পুজোর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। পুজো হবে পুজোর মতো। খুব তাড়াতাড়ি পুজোর পরিকল্পনা সামনে আনা হবে। আপনারা জানতে পারবেন।”



