জমির রেকর্ড এখন সম্পূর্ণ ফ্রি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এক ক্লিকেই ডাউনলোড করুন খতিয়ান ও দাগের তথ্য
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জমির খতিয়ান ও দাগ সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে আবেদন ফি সম্পূর্ণ প্রত্যাহার করল রাজ্য সরকার। শুক্রবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি লিখেছেন, ‘নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করছি।’ মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সব জমির মালিক, বিশেষ করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
এর আগে তৃণমূল সরকারের আমলে জমির খতিয়ান বা দাগের তথ্য পেতে অনলাইনে আবেদন করতে হত এবং নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দেওয়ার পর ডিজিটালি স্বাক্ষরিত নথি পাওয়া যেত। এবার সেই ফি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯৫৫ সালের ‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন’-এর ৫৭ নম্বর ধারার আওতায় রাজ্যপাল ‘বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩’-এর ৩২০-এইচ ও ৩২০-আই বিধিতে সংশোধনের অনুমোদন দিয়েছেন। অর্থ দপ্তরের সম্মতির ভিত্তিতে এই নতুন নিয়ম অবিলম্বে গোটা রাজ্যে কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন :: পুজোর আগেই ‘স্বাস্থ্যসাথী’ উপভোক্তাদের বাছাই, আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর
নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে জমির খতিয়ান ও দাগের তথ্যের জন্য আর কোনও আবেদন ফি কিংবা প্রমাণীকরণ ফি দিতে হবে না। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এখন থেকে, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনাদের খতিয়ান ও জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনওরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার,আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।’
কীভাবে আবেদন করবেন?
- জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে প্রথমে বাংলারভূমি পোর্টালে নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
- এরপর হোমপেজের মেনুবার থেকে সিটিজেন সার্ভিস (Citizen Service) ট্যাবে ক্লিক করতে হবে।
- তারপর সার্ভিস ডেলিভারি (Service Delivery) অপশন নির্বাচন করে ‘ROR Request’-এ ক্লিক করতে হবে।
- এরপর প্রদর্শিত ফর্মে জমির জেলা, ব্লক এবং মৌজার তথ্য নির্বাচন করতে হবে।
- সবশেষে খতিয়ান নম্বর, আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।



