চিকিৎসকদের ‘৯৬ ঘণ্টা ডিউটি’ বিতর্কে অবস্থান বদল স্বাস্থ্যমন্ত্রীর! ‘অনুরোধ করেছি’, জানালেন শারদ্বত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সরকারি চিকিৎসকদের কোনও নির্দেশ দেওয়া হয়নি, কেবল অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের কাজের সময় নিয়ে মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান কিছুটা নরম করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। রবিবার চিকিৎসকদের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। সেই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হওয়ার পর সোমবার স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেন, চিকিৎসকদের কাছে এটি নির্দেশ নয়, অনুরোধ হিসেবেই জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর রবিবারের বক্তব্যের পর চিকিৎসক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। অনেকের মতে, প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টার বেশি কাজ করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনও কোনও চিকিৎসক বাড়ি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের হাসপাতালে কর্মরত। যাতায়াতের সময়ের পাশাপাশি এত দীর্ঘ সময় হাসপাতালে থাকা কার্যত অসম্ভব বলেও মত প্রকাশ করেন তাঁরা। বিতর্কের আবহেই সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, চিকিৎসকদের কোনও আদেশ দেওয়া হয়নি, শুধুমাত্র অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে চিকিৎসকদের কাছে একটি আবেদন জানানো হয়েছে। কলকাতা, শহরতলি এবং জেলার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা কর্মস্থল সংলগ্ন এলাকায় উপস্থিত থাকার চেষ্টা করতে বলা হয়েছে। এখানে ‘৯৬ ঘণ্টা ডিউটি করার’ নির্দেশ দেওয়া হয়নি। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় কোনওভাবেই প্রাইভেট প্র্যাকটিস না করার আবেদনও জানানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালনের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “জনগণকে দেখার জন্য সরকার মাইনে দিচ্ছে আপনাকে। না পোষালে চাকরি ছেড়ে দিন।” এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর সোমবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান নরম করেন তিনি।



