জাতীয়শিক্ষা

ইউজিসি নেটের প্রশ্নপত্রে মারাত্মক গরমিল, তিনটি বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা এনটিএ-র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইউজিসি নেটের প্রশ্নপত্রে মারাত্মক গরমিল, তিনটি বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা এনটিএ-র - West Bengal News 24

চলতি বছরের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ত্রুটির কারণে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান— এই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবার একটি বিশেষ নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। আগামী সেপ্টেম্বর মাসের ৯ ও ১০ তারিখ এই তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছর ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে পরীক্ষা শেষ হতেই প্রশ্নপত্রের মান ও নানা ভুলভ্রান্তি নিয়ে পরীক্ষার্থীদের তরফ থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। এর প্রেক্ষিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে এনটিএ।

আরও পড়ুন :: রামপুরহাটে পার্টি অফিস থেকে উদ্ধার প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ, সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ

তদন্ত কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ইংরেজি, বাণিজ্য ও সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে ভূরি ভূরি অসঙ্গতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— বিশিষ্টজনদের নামের ভুল বানান, বিভিন্ন বইয়ের বিকৃত শিরোনাম, প্রশ্নের মূল বয়ানে ত্রুটি, অনুবাদ ও ব্যাকরণগত অসঙ্গতি এবং লিঙ্গ ও বচনের ভুল ব্যবহার। এমনকি বেশ কিছু প্রশ্নের সরাসরি পুনরাবৃত্তিও ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের স্বার্থে এই তিনটি বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়ার সুপারিশ করে কমিটি।

পুনঃপরীক্ষার সময়সূচি:

  • ইংরেজি: ৯ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১২টা।

  • বাণিজ্য: ৯ সেপ্টেম্বর, দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা।

  • সমাজবিজ্ঞান: ১০ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১২টা।

এনটিএ স্পষ্ট জানিয়েছে, এই তিন বিষয়ে পুনঃপরীক্ষায় বসার জন্য প্রার্থীদের কোনও অতিরিক্ত পরীক্ষা ফি দিতে হবে না। পরীক্ষাকেন্দ্র এবং নতুন অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুত এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে এই তিনটি বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়া হলেও, সব মিলিয়ে মোট ৮৪টি বিষয়ের চূড়ান্ত ফল নির্ধারিত সূচি অনুযায়ীই প্রকাশিত হবে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন ::

Back to top button