
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বিজেপিতে ফের ভাঙন ধরালেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার তৃণমূল নেত্রীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন যজ্ঞে’ সামিল হলেন জেলার তিন বিজেপি নেতা।
এদিন ঝাড়গ্রাম স্টেশনের কাছে ফেডারেশন ভবনে এই দলবদল কর্মসূচি হয়। বিনপুর-২ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য শম্ভু দুলে, বিজেপি-র জেলা কমিটির সদস্য সলিল কর্মকার ও ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রমুখ খোকন সরকার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বীরবাহাদেবী। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তিনি।
শম্ভু দুলে বলেন, ‘‘বিজেপিতে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছিল না। মানুষের কাজ করতে পারছিলাম না। বিজেপি’র নীতির সঙ্গে আর মানিয়ে নিএ না পেরে তৃণমূলে যোগ দিলাম।’’ যদিও বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, ওই তিন জন অনেক আগেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। তাঁরা তৃণমূলের সঙ্গেই রয়েছেন। বীরবাহাদেবী বলেন, ‘‘বিজেপি’র প্রতি মোহভঙ্গ হয়ে ওদের অনেকেই এখন আমাদের দলে যোগ দিচ্ছেন। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় বিজেপি থেকে নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।’’



