
অতিমারীর সময় স্কুল খোলা নেই, ক্লাস চলছে অনলাইনে। এই অবস্থায় পুরো বেতন নাকি আংশিক বেতন দিতে হবে তা নিয়ে একাধিকবার জটিলতা সৃষ্টি হয়েছে বেসরকারি স্কুল এবং অভিভাবকদের মধ্যে। মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টের থেকে জানিয়ে দেওয়া হল, অনলাইন ক্লাস চলার এই সময় বেতন দিতে না পারলে কিংবা বেতন বকেয়া থাকলেও স্কুল থেকে পড়ুয়ার নাম কাটা যাবে না।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি ইন্দ্রভূষণ রায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন এই নির্দেশ দিয়েছে। বলা বাহুল্য, কোভিড পরিস্থিতির কথা ভেবেই এই নির্দেশ। সঙ্গে এও বলে দেওয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশ ছাড়া স্কুল কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। আগামী ৩ জুলাই এ সংক্রান্ত পরবর্তী শুনানি রয়েছে, ততদিন বলবত থাকবে এই নির্দেশ।
গত বছর থেকেই অতিমারীর জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। করোনার প্রথম ধাক্কার শেষে রাজ্যগুলি খোলার চেষ্টা করলেও ফের বন্ধ করে দিতে হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাতিল করতে হয় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কবে ফের স্কুল-কলেজ খুলবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে।
সূত্র : আজকাল



