বাড়ল তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমা, তবে বহাল রইল আগের বিধি নিষেধ

ভক্তদের জন্য সুখবর। আজ থেকে তারকেশ্বর মন্দির খোলা থাকবে আরও বেশ কিছুক্ষণ। দর্শনার্থীদের প্রবেশের জন্য বর্ধিত নতুন সময়সীমা স্থির করল মন্দির কর্তৃপক্ষ। জানা গেছে, সকাল ৬টা থেকে বেলা ১টা এবং সন্ধা ৬ থেকে রাত ৮ পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। গতকাল পর্যন্ত এই সময়সীমা ছিল কেবলমাত্র সকাল ৭ টা থেকে বেলা ১২টা। তবে মন্দিরের গর্ভগৃহে এখনো প্রবেশ করতে পারবেন না ভক্তরা।
বহাল থাকবে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধও। তারকেশ্বর পুরোহিত মন্ডলীর সদস্য লোকনাথ চট্টোপাধ্যায় জানালেন, করোনার প্রকোপ কিছুটা কমতেই মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, এখনও জারি থাকবে সামাজিক দূরত্ববিধি। মাস্ক পরেই মন্দির প্রাঙ্গণে আসতে হবে দর্শনার্থীদের। এবং আগের মতই দূর থেকে চোঙা নিয়ে জল ঢালতে হবে বাবা তারকনাথের মাথায়।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাবধান হয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। গত ১০ এপ্রিল থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হয়। তখন থেকেই সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকত মন্দির। কিন্তু ৯ মে মন্দির চত্বরে বেশ কয়েকজন কোভিড আক্রান্তের হদিশ মেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মন্দির। এরপর পরিস্থিতিতে কিছুটা লাগাম পড়ানো গেলে আবার ৩ জুন থেকে মন্দির চালু হয়।
আগামী দিনে করোনা পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখেই মন্দির খোলা রাখার সময়সীমা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ। সেই মত সংক্রমনের হার নিম্নমুখী হওয়া মাত্রেই মন্দিরে প্রবেশের সমসসীমা বাড়ানো হল। জানা গেছে, মন্দিরের দুটো গেটই ভক্তদের জন্য খোলা থাকবে।
এদিকে এক মাস পরেই শ্রাবনী মেলা শুরু হওয়ার কথা। ফিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শ্রাবণী মেলায়। সমাজিক দূরত্ব বিধি বজায় রাখা সম্ভব নয় বলে গতবছর মেলা বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। তবে এবছর মেলা হবে কিনা তা অবশ্য তারকেশ্বর মন্দিরের তরফে জানানো হয়নি।
অন্যদিকে, অতিমারির সময়টায় মন্দির চত্বরের ব্যবসায়ীদের দীর্ঘ আর্থিক ভাঁটা চলছে। ফুল-প্রসাদ বিক্রেতা থেকে শুরু করে সাধারন দোকানদারদের রোজগার প্রায় তলানিতে। মন্দির খোলা থাকার সময়সীমা বাড়লে ভক্ত সমাগম বাড়বে। সেদিকে তাকিয়েই নতুন করে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা।
সূত্র : দ্য ওয়াল



