
লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চেয়ে ফের রাজ্যকে চিঠি দিতে চলেছে পূর্ব রেল। একই সঙ্গে রেলের নিরাপত্তার বিষয়টি যাতে রাজ্য গুরুত্ব দিয়ে দেখে, সেই বিষয়টি নিয়েও অনুরোধ জানাবে তারা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রেল অবরোধ ও বৃহস্পতিবার মল্লিকপুরের যাত্রীদের সঙ্গে রেল পুলিশের খণ্ডযুদ্ধের জেরেই উদ্বিগ্ন রেলের তরফে এই চিঠি দেওয়া হচ্ছে। এমনটাই রেল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘লোকাল ট্রেন চালু করার দাবিতে প্রায়ই বিক্ষোভ হচ্ছে। রেলকর্মীরা আক্রান্ত হচ্ছেন। ফলে পরিষেবা চালু করতে চেয়ে এবং রেলের নিরাপত্তার দিকটি রাজ্য সরকার যাতে আরও গুরুত্ব দিয়ে দেখে, সেই বিষয়ে অনুরোধ জানিয়ে আমরা রাজ্যের মুখ্যসচিব ও পরিবহন সচিবকে চিঠি দিতে চলেছি।’
পূর্ব রেলের তরফে চলতি মাসের প্রথমদিকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুমতি চাওয়া হয়েছিল। রেলের যুক্তি, করোনার জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। চলছে স্টাফ স্পেশাল ট্রেন। রেল এবং রাজ্যে অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই ট্রেনে সফর করছেন। কিন্তু একইসঙ্গে সাধারণ যাত্রী, যাদেরকে কর্মসংস্থানের জন্য বেরোতে হচ্ছে তাঁরাও এই ট্রেনে উঠে পড়ছেন।
যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের সংখ্যা কম হওয়াতে এই ট্রেনগুলিতে খুবই ভিড় হচ্ছে। মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্য নিয়ে লোকাল ট্রেন বন্ধ রাখা হলেও সেই প্রচেষ্টা সফল নাও হতে পারে। সামাজিক দূরত্ব যাতে বজায় রাখা যায়, সেজন্যই লোকাল ট্রেন চালু করা দরকার। এবিষয়ে পূর্ব রেলের এক আধিকারিক বলেন, এই মুহূর্তে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ৪৫০-এর কিছু বেশি স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করছে।
বৃহস্পতিবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় মল্লিকপুর স্টেশনে লোকাল ট্রেনে উঠতে দেওয়ার দাবি জানিয়ে অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবরোধ হয় সোনারপুর ও ঘুটিয়ারি শরীফ স্টেশনেও। রেলপুলিশ অবরোধ তুলতে গেলে তাঁদের সঙ্গে নিত্যযাত্রীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র : আজকাল



