রাজ্য

রাজ্যভাগের সমর্থনে সায়, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজ্যভাগের সমর্থনে সায়, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ - West Bengal News 24

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের স্বপক্ষে দাবি তুলে এবার আইনি বিপাকে পড়ে গেলেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের এই বিজেপি বিধায়ক এবারে সংবাদ মাধ্যমের নজরে চলে এসেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেবকে পরাস্ত করে। কিন্তু এখন তিনি নিজেই বিপাকে পড়ে গেলেন পৃথক রাজ্য গঠনের দাবি তুলে। তাঁর বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

আর সেই অভিযোগের জেরেই যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেব এই বিধায়ক, এমন সম্ভাবনাই দেখা দিয়েছে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়ে সম্প্রতি সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। সেই দাবিকেই সমর্থন করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, শিখা এই দাবির সমর্থনে মুখ খুলে কার্যত এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে চাইছেন।

জানা গিয়েছে, শিখার বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে এদিনই থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। এদিন শিখা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য থানায় যান তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরাও। এদের দাবি, বঙ্গভঙ্গের দাবি করে বাংলাকে কার্যত অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।

বৃহস্পতিবার এনজেপি থানায় শিখা চট্টোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ দায়ের করে দেবাশিস প্রামাণিক বলেন, ‘২০১১ সাল থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন হচ্ছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গকে কোনওসময় বঞ্চিত রাখা হয়নি। জেলাগুলিতে উন্নয়নমূলক প্রকল্পে বহু কাজ হয়েছে। উত্তরকন্যা হয়েছে। এছাড়াও রাস্তা মেরামত থেকে কলেজ তৈরি, সব ক্ষেত্রে নেওয়া হচ্ছে উদ্যোগ।

কিন্তু তারপরও চক্রান্ত করে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছে বিজেপি। উস্কানিমূলক মন্তব্যও করছেন বিজেপির নেতা-বিধায়ক-সাংসদরা। রাজ্যের শান্তি বজায় রাখতেই তাই শিখা চট্টোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগামীতে যদি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় উন্নয়ন না হয় সেক্ষেত্রে তৃণমূল শিখা চ্যাটার্জির বাড়ি ঘেরাও করবে।’

এদিকে বিজেপির বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধের ডাক দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গৌতম দেব। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে এই রাজ্যের গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা।

উত্তরবঙ্গ ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের অংশবিশেষ নিয়ে পৃথক জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিও উঠেছে। এই সব কিছুই বিজেপির ষড়যন্ত্রের অংশ হিসাবেই হচ্ছে। বাংলার মানুষের রায় বিজেপির নেতারা মেনে নিতে পারছেন না বলেই বাংলা ভাগেই এই ষড়যন্ত্র হচ্ছে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button