তীরে এসে ডুবল তরী, শেষ আট থেকেই বিদায় ভারতের নামী তিরন্দাজ দীপিকার

টোকিও অলিম্পিকের শুরুটা ভালো হয়নি বিশ্বের এক নম্বর মহিলা রিকার্ভ তীরন্দাজ দীপিকা কুমারের। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে মিক্সড টিম ইভেন্ট থেকে ছুটি হয়ে যায় যেতে হয়েছিল দীপিকা-প্রবীন জুটির।
ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে দীপিকা মুখোমুখি হয়েছিলেন সেই দক্ষিণ কোরিয়া দলে থাকা আন সানের। আন সান টোকিও অলিম্পিকেই মিক্সড টিম, মহিলাদের দলগত ইভেন্টেই সোনা জিতেছেন। লড়াইটা সহজ হওয়ার কথা ছিল না। দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ কোরীয়ের কাছে ৬-০ হারলেন দীপিকা।
প্রথম সেটে দীপিকার খারাপ শুরু করেন। প্রথম শটেই ৭ স্কোর করেন। প্রতিপক্ষ আন সান আগুনে ফর্মের প্রমান দিয়ে তিনটেই ১০ স্কোর করে মোট ৩০ করেন। দীপিকা প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দুটোতে ১০ স্কোর করলেও ব্যবধান কমানো সম্ভব ছিল না। ২৭-৩০ স্কোরে প্রথম সেট খোয়ান ভারতীয় তীরন্দাজ।
দ্বিতীয় সেটে ভালো শুরু করেছিলেন দীপিকা। প্রথম শটে ১০ স্কোর করেন। পরের দুটোতে ৭ স্কোর করায় এই সেটেও সুবিধা করতে পারেননি। ২৪-২৬ হারতে হয় দ্বিতীয় সেট। ম্যাচে ফিরতে তৃতীয় সেট জিততেই হতো ভারতীয় তীরন্দাজকে। সেটিতেও ২৪-২৬ ব্যবধানে হারলেন দীপিকা। ম্যাচের ফলাফল ভারতের বিপক্ষে ০-৬।
দীপিকার টোকিও অলিম্পিক অভিযান এই ম্যাচে শেষ হলেও তীরন্দাজিতে ভারতের ভরসা টিকিয়ে রেখেছেন তার স্বামী অতনু দাস। তিনি কালকে নামবেন পুরুষদের ব্যক্তিগত বিভাগের শেষ আটে। তীরন্দাজি থেকে ভারতের প্রথম পদক আনতে পারবেন কি বরানগরের ছেলে? জানা যাবে আগামীকাল।
সূত্র: প্রথম কলকাতা



