ফের সোনা ব্রাজিলের, স্পেনকে হারিয়ে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জয় ব্রাজিলের

পরপর দু’বার অলিম্পিক সোনা। স্পেনকে হারিয়ে টোকিও থেকেও সোনা তুলে নিল ড্যানি আলভেসের নেতৃত্বাধীন ব্রাজিল। টিকিটাকাদের ২-১ গোলে হারাল সেলেকাওরা। ব্রাজিলের হয়ে ম্যাথিয়াস কুনিহা গোল করে দলকে এগিয়ে দিলেও মিকেল ওয়ার্জাবালের গোলে সমতা ফেরায় স্পেন। ৯০ মিনিটের পর ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
সেখানেই ম্যালকমের দুরন্ত গোলে ম্যাচ ও খেতাব জেতে ব্রাজিল। এই জয়ের ফলে ষষ্ঠ দল হিসাবে পরপর দুইবার অলিম্পিকে সোনা জিতল সেলেসাওরা। ২০১৬ রিও অলিম্পিকে প্রথম নেইমারের হাত ধরে অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল। সেবার টাইব্রেকারে জার্মানিকে হারিয়েছিল তারা। টাইব্রেকারের শেষ শটটি নিয়েছিলেন নেইমার।
৫ বছর পর টোকিওয় দানি আলভেজের নেতৃত্বাধীন ব্রাজিল সেই সোনার পদক ধরে রাখল। অথচ নির্ধারিত ৯০ মিনিটে বেশ কয়েকবার দুর্ভাগ্যের মুখোমুখি হয় ব্রাজিল। পেনাল্টি মিস হয়, বল ফিরে আসে পোস্টে লেগে। না নির্ধারিত সময়েই দুয়ের অধিক গোল হতে পারতো ব্রাজিলিয়ানদের। ৬১ মিনিটে স্পেন যে গোলটি দিয়েছিল সেটা ছিল দুর্দান্ত। কার্লোস সোলারের ক্রস থেকে বল পেয়ে বক্সের একেবারে বাঁ-প্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন ওইয়ারজাবাল।
সুত্র : দ্য ওয়াল



