আন্তর্জাতিক

‘ধ্বংসযজ্ঞ শুরু হবে’, তেল আবিব বিমানবন্দরে মিসাইল হামলার জবাবে হাউথিদের প্রতি নেতানিয়াহুর হুঁশিয়ারি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ধ্বংসযজ্ঞ শুরু হবে’, তেল আবিব বিমানবন্দরে মিসাইল হামলার জবাবে হাউথিদের প্রতি নেতানিয়াহুর হুঁশিয়ারি - West Bengal News 24

ইজরায়েলের রাজধানী তেল আবিবের বিমানবন্দরে মিসাইল আঘাত হানার পর হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার, ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীর উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে জানান, ‘একটা নয়, বরং দফায় দফায় হামলা চলবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।’ এই মন্তব্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।

রবিবার দুপুরে, ইরানের মদতপুষ্ট হাউথি গোষ্ঠী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল নিক্ষেপ করে। হামলায় অন্তত ৬ জন আহত হন। প্রতিবেদনে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় আছড়ে পড়ে এবং সেখানে একটি বড় গর্ত সৃষ্টি হয়। যদিও রানওয়ে বা মূল ভবনে কোনও বড় ক্ষতি হয়নি। ঘটনার পর পরই বিমানবন্দরের সব পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই বিমানবন্দরেই নামার কথা ছিল দিল্লি থেকে উড়ানভর্তি এয়ার ইন্ডিয়ার। কিন্তু হামলার খবর পাওয়ার পর বিমানের গন্তব্য পাল্টে সেটিকে আবুধাবিতে নামানো হয়।

হামলার ঠিক পরেই, হাউথিদের উদ্দেশে কার্যত যুদ্ধ ঘোষণার সুরে নেতানিয়াহু নিজের বক্তব্য পেশ করেন। টেলিগ্রাম অ্যাপে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা অতীতেও এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও নেব। কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা এখনই খোলসা করব না। তবে এটুকু বলতে পারি, কোনও একটি বিস্ফোরণে এটা থামবে না, বরং দফায় দফায় হামলা চলবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হঠাৎ হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। সেই যুদ্ধ এখনও অব্যাহত, আর তাতে প্রাণ হারিয়েছেন বহু প্যালেস্টিনীয়। এর প্রতিক্রিয়ায় হাউথি, হেজবোল্লার মতো ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলি ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতে একাধিকবার হাউথি গোষ্ঠী ইজরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর পালটা অভিযানে তাদের বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন। নেতানিয়াহুর সাম্প্রতিক বার্তা থেকে ধারণা করা হচ্ছে, এবার ইজরায়েলের পালটা আঘাত আরও ভয়াবহ হতে চলেছে।

আরও পড়ুন ::

Back to top button