
সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হওয়ায় আগামী ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে টুর্নামেন্ট। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড ‘টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি’ প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, ‘ফাইনাল-সহ অবশিষ্ট ১৭টি ম্যাচ ছ’টি শহরে আয়োজিত হবে।’
তবে সেই তালিকায় ‘ইডেন গার্ডেন্স’ এর নাম নেই। যেসব শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেগুলি হল— বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আমেদাবাদ। অর্থাৎ, কোয়ালিফায়ার ও ফাইনাল কোনও ম্যাচই এবার ইডেনে হচ্ছে না। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেনে হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সূচিতে কলকাতাকে বাদ রাখা হয়েছে। অনেকের মতে, ‘মে মাসে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ঝুঁকি নিতে চায়নি বোর্ড।’
গ্রুপ লিগে কেকেআরের আর কোনও ম্যাচ ইডেনে হচ্ছে না। ফলে এবারের জন্য কলকাতায় আইপিএলের আসর শেষ বলে ধরা যেতে পারে। নতুন সময়সূচি অনুযায়ী, ১৭ মে বেঙ্গালুরুতে আরসিবির মুখোমুখি হবে কেকেআর। অজিঙ্ক রাহানের দলের শেষ গ্রুপ ম্যাচটি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হলেও, ম্যাচটি হায়দরাবাদে নয়— অনুষ্ঠিত হবে দিল্লিতে। হায়দরাবাদেও কোনও প্লে-অফ ম্যাচ রাখা হয়নি। ছ’টি শহরের মধ্যে প্লে-অফের কোন ম্যাচ কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, আর ‘ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।’



