
হঠাৎ অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar Resigns)। তাঁর এই পদত্যাগ ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে এবার কার নাম উঠতে চলেছে? আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য নাম। সেই তালিকার শীর্ষে রয়েছেন জেডিইউ নেতা এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, যিনি নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, তাঁকেই উপরাষ্ট্রপতি পদে বসিয়ে বিহারের ভোটকে কেন্দ্র করে সমীকরণ সাজাতে চাইছে মোদির নেতৃত্বাধীন সরকার।
সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে ছয় মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। নির্বাচন না হওয়া পর্যন্ত ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই উপরাষ্ট্রপতির সমস্ত কাজ সামলান। সেই হিসেবে, ভোট না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন হরিবংশ। তবে জল্পনা চলছে, তার আগেই তাঁকে স্থায়ীভাবে এই পদে বসানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বিহারের জনগণকে খুশি করতে হরিবংশের নামই শীর্ষে রাখতে চাইছে গেরুয়া শিবির।
তবে একমাত্র হরিবংশ নন, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনীতির অন্দরের খবর, আরএসএসের বেঁধে দেওয়া ৭৫ বছর বয়সের অবসরের সীমার পর রাজনাথকে প্রধানমন্ত্রী পদের বিকল্প ভাবা হচ্ছে। সেই পথ সহজ করতে তাঁকে উপরাষ্ট্রপতি পদে বসানোর ভাবনা নিয়েছে বিজেপি।
তালিকায় রয়েছে নীতীশ কুমারের নামও। তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে তুলে কেন্দ্রীয় পদে নিয়ে গিয়ে বিহারে নতুন নেতৃত্ব আনতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী থারুরের নাম নিয়েও আলোচনায় ব্যস্ত সোশ্যাল মিডিয়া। তাঁর সাম্প্রতিক মন্তব্য ও মোদি-প্রশংসা জল্পনা বাড়িয়েছে যে, তিনি হয়তো গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। তাঁকে উপরাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়ে বিজেপি এক অভিনব রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলেই আলোচনা।
উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কী?
“সাংবিধানিক নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা অংশগ্রহণ করেন। মনোনীত সদস্যরাও এই নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে, রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের পাশাপাশি ভোট দেওয়ার অধিকার পান বিধানসভার বিধায়করাও।”



