পূর্ব মেদিনীপুর

নির্ধারিত কর না দেওয়ায় দিঘার একাধিক হোটেল সিল, গভীর রাতে সমস্যায় পড়লেন পর্যটকরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নির্ধারিত কর না দেওয়ায় দিঘার একাধিক হোটেল সিল, গভীর রাতে সমস্যায় পড়লেন পর্যটকরা - West Bengal News 24

দিঘার বিভিন্ন হোটেল থেকে কর বকেয়া থাকায় বুধবার রাতে একাধিক হোটেলে তালা ঝুলিয়ে দিল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) ও পুলিশ। আচমকা এই পদক্ষেপে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বহু পর্যটক। পরিবার নিয়ে ঘুরতে গিয়ে রাতেই সমস্যার মুখে পড়েন তাঁরা।

ডিএসডিএ-র নিয়ম অনুযায়ী, প্রতিটি হোটেলকে পর্যটক পিছু ১০ টাকা করে কর জমা করতে হয়। অভিযোগ, বেশ কিছু হোটেল এই কর দিচ্ছিল না। সেই কারণেই বুধবার রাতে প্রশাসনের দল হানা দিয়ে একে একে ওল্ড দিঘার ‘শ্যাম সুন্দর আবাস’, ‘নয়নতারা হোটেল’-সহ কয়েকটি হোটেল বন্ধ করে দেয়। ডিএসডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও নির্দিষ্ট কর জমা না করায় শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে হোটেল মালিকদের দাবি, কর না জমা দেওয়ার কারণে পর্যটকদের মাঝরাতে বাইরে বের করে দেওয়া উচিত হয়নি। হোটেল ব্যবসায়ী দেবব্রত দাসের অভিযোগ— “কোনও কারণে সরকারি কর জমা করতে পারেনি। তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি।” তাঁর বক্তব্য, ‘আমরা তিলে তিলে দিঘাকে গড়ে তুলেছি। সরকারও চায় না ব্যবসায়ীদের বাদ দিয়ে এলাকায় উন্নয়ন করতে। কিছু প্রশাসনিক আধিকারিকের মদতে দিঘায় দিনের পর দিন ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে।’

এ প্রসঙ্গে দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন— “এটা রাতে না করে সকালে করলে ভালো হতো। রাতে পর্যটকদের সমস্যায় ফেলানো হলো।”

আরও পড়ুন ::

Back to top button