
SIR ইস্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচিতে নেমেছে তৃণমূল কংগ্রেসের লিগাল সেল। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরকে।
রাজ্যে এসআইআর ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে। বিজেপির SIR ‘ষড়যন্ত্রে’ জনমানসে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, অভিযোগ অনুযায়ী কয়েকজন আত্মঘাতী হওয়ার ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার জোড়াসাঁকোর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন চিন্তার কোনও কারণ নেই, তৃণমূলের লিগাল সেল মানুষের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনে আইনি সহায়তা দেবে। সেই ঘোষণা অনুযায়ীই এবার সরাসরি জনসংযোগ কর্মসূচিতে নামছে লিগাল সেল। জানা যাচ্ছে, চলতি মাসে দশদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করবে তারা। বিশেষত উত্তরবঙ্গ ও শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সূত্র অনুযায়ী ১১ নভেম্বর থেকে কলকাতা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। ওইদিন চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিলের পর দুপুর ৩টেয় ডোরিনা ক্রসিংয়ে হবে গণসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই লিগাল সেল প্রস্তুতি শুরু করে। ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে গিয়ে প্রচার করবে লিগাল সেল। বিজেপির পরিকল্পনার মোকাবিলায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রায় ১০ দিন আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেনিং শেষে ব্লোরা বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছেন। কিন্তু কোন তথ্য কিভাবে দেওয়া উচিত তা নিয়ে অনেকেই দোটানায়। নথিতে সামান্য ভুল থাকলেও অনেকের মনে ভয় বাড়ি ছাড়তে হবে না তো! অভিষেক জানিয়েছেন একজনের নাম বাদ গেলেও বৃহত্তর আন্দোলন হবে। যদিও মানুষজনের মনে আতঙ্ক রয়েই গেছে। সেই ভয় দূর করতে তৃণমূল নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি মাঠে নামছে লিগাল সেল।



