
ফের সুখবর কমেডিয়ান ভারতী সিংয়ের সংসারে। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তাঁদের পরিবারে এল দ্বিতীয় সন্তান। প্রথম সন্তানের পর এবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি দ্বিতীয়বার মা হন।
এদিন ‘লাফটার শেফস’ নামে একটি টেলিভিশন শোয়ের শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল ভারতীর। সকালবেলায় শুটিং ফ্লোরে পৌঁছলেও আচমকাই শারীরিক অস্বস্তি শুরু হয়। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর পাশে ছিলেন স্বামী হর্ষ লিম্বাচিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই জন্ম নেয় তাঁদের দ্বিতীয় পুত্রসন্তান। উল্লেখ্য, এই তারকা দম্পতির প্রথম সন্তানের নাম লক্ষ্য, ডাকনাম গোল্লা।
এর আগে সুইজারল্যান্ড সফরের সময়ই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন ভারতী ও হর্ষ। সোশ্যাল মিডিয়ায় শিল্পী নিজের ‘মেটারনিটি ফটোশুট’-এর ছবিও ভাগ করে নিয়েছিলেন। নীল সিল্কের গাউন ও সাদা ফুলের অলঙ্করণে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘দ্বিতীয় বেবি লিম্বাছায়া আসছে শিগগিরি।’
একাধিক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন, গর্ভাবস্থার বিষয়টি তিনি প্রথমে বুঝতেই পারেননি। শরীরের ওজন বেশি থাকার কারণেই তিনি তা আঁচ করতে পারেননি বলে জানান শিল্পী। সেই অবস্থাতেও নিয়মিত শুটিংয়ে অংশ নিয়েছেন, মঞ্চে পারফর্ম করেছেন এবং সংসার ও কাজ দু’দিকই সামলেছেন। আগেই তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে দ্বিতীয় সন্তানের ইচ্ছাও রয়েছে তাঁর।
এই প্রসঙ্গে ভারতী বলেন, ”আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। আমার ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। আমদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।”



