টলিউড

বেটিং অ্যাপ মামলায় বড় বিপাকে মিমি-অঙ্কুশ, বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Ankush Hazra : বেটিং অ্যাপ মামলায় বড় বিপাকে মিমি-অঙ্কুশ, বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির - West Bengal News 24

বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী ও এক অভিনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরার বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় তাঁদের পাশাপাশি একাধিক প্রাক্তন ক্রিকেটার ও পরিচিত সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। এছাড়াও বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ এবং নেহা শর্মার নামও রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বেটিং অ্যাপ মামলায় মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকা এবং অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুবরাজ সিংয়ের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলার ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, উর্বশী রাউতেলার ওই সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকার প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ইডি। তদন্ত চলাকালীন একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। দিল্লিতে ডেকে মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা জেরা করা হয়। একইভাবে অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের পরই তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় ইডি।

উল্লেখ্য, এর আগেও এই মামলায় যুক্ত থাকার অভিযোগে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য