রাজনীতিরাজ্য

বৃদ্ধার স্নেহে আবদ্ধ অভিষেক, নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুকে তোপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : বৃদ্ধার স্নেহে আবদ্ধ অভিষেক, নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুকে তোপ - West Bengal News 24

নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে যেন পরিবারেরই একজন এমনভাবেই স্থানীয়দের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিবিরে উপস্থিত হয়ে মানুষের ব্যক্তিগত সমস্যা শোনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। সেই আবহেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল শিবির চত্বর এক বৃদ্ধা স্নেহভরে অভিষেককে জড়িয়ে ধরেন। তিনিও আন্তরিকতার সঙ্গে তাঁর কথা শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, গত পাঁচ বছরে নন্দীগ্রামের উন্নয়নে ভূমিপুত্র হিসেবে কী করেছেন শুভেন্দু?

এর আগেই জানানো হয়েছিল, নন্দীগ্রামে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের দুটি মডেল ক্যাম্পের উদ্বোধন করবেন বাম আমলে জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ পরিবারের সদস্যরা। সেই অনুযায়ী বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিবিরের উদ্বোধন হয়। সময়মতো সেখানে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ক্যাম্প ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন। তাঁকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের নানা সমস্যার কথা জানান। কেউ কেউ মেডিক্যাল রিপোর্টও দেখান, সেগুলি দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

ভিড়ের মধ্যেই ছিলেন সেই বৃদ্ধা, যিনি এগিয়ে এসে অভিষেককে জড়িয়ে ধরেন। অভিষেকও মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন এবং নাম-ঠিকানা নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপর শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আবারও জানান, নন্দীগ্রামের মানুষের পাশে তিনি সবসময় রয়েছেন। সেই সূত্র ধরেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য তাঁর তরফে কোনও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরে প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা পরিষেবা মিলবে। প্রতিটি শিবিরে থাকছেন ৩০ জন চিকিৎসক ও ৩০ জন নার্স। পাশাপাশি ফিজিওথেরাপিস্ট ও অন্যান্য চিকিৎসা কর্মীরাও পরিষেবা দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি শিবিরে ২০০ জন করে স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য