‘অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’ স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেবের বার্তা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠক শেষ হতেই টলিপাড়ার চলমান বিতর্ক নিয়ে মুখ খুললেন দেব। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি স্পষ্ট করে জানান, ‘অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’। একই সঙ্গে দেব–শুভশ্রী জুটির আসন্ন ছবিতে অনির্বাণ থাকছেন কি না এই প্রশ্নের উত্তরে তিনি সেই জল্পনাকে খারিজ করে দেন।
মিটিংয়ের পর অনির্বাণকে নিয়ে নানা গুঞ্জনের প্রসঙ্গে দেব বলেন, ‘ওটা ফেক নিউজ।’ এর পরই প্রশ্ন ওঠে, পুজোয় মুক্তি পেতে চলা ‘দেশু’ জুটির ছবিতে কি তবে অনির্বাণকে দেখা যাবে?
প্রসঙ্গত, কোন ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে টলিপাড়ায় চাপা উত্তেজনা চলছে। স্ক্রিনিং কমিটির মত, সব ছবিই যেন সমান সুযোগ পায়। বিশেষ করে হিন্দি ছবির মুক্তির সময়ে যাতে বাংলা ছবি কোণঠাসা না হয়, সেই বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। এই কারণেই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের (ইম্পা) কলকাতা দপ্তরে এদিন বৈঠক বসে।
বৈঠক শেষে দেব জানান, “আজকের মিটিংয়ে কী নির্ধারিত হল আমার মনে হয় সেটা পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাসই বলবেন। সেটাই ভালো হবে।” এরপর নিজের চেনা ভঙ্গিতেই তিনি যোগ করেন, “বাংলা ছবির ক্যালেন্ডার হবে কি না, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে।”
এরই মধ্যে পুজোয় মুক্তি পেতে চলা ‘দেশু’ জুটির ছবিতে অনির্বাণের অভিনয় নিয়ে জোর চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গে দেব আবারও পরিষ্কার করে বলেন, “এটা ভুয়ো খবর। সত্যি বলতে গেলে চরিত্র নির্ধারণে আমি প্রথমে বুম্বাদাকেই ফোন করেছি, বুম্বাদা এখনও কিছু জানাননি। তবে এই ভুয়ো খবরটা ছড়ানোর পর সত্যিই আমি ভাবনাচিন্তা শুরু করেছি। আমার মনে হয়েছে এটা হলে মন্দ হয় না।”
উল্লেখ্য, টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সংঘাত ঘিরে একসময় পরিস্থিতি চরমে ওঠে এবং তার পর থেকেই তাঁর উপর অলিখিত নিষেধাজ্ঞার কথা শোনা যায়। এদিনের বৈঠকে সেই জট কাটানোর আর্জিও জানান দেব। তিনি বলেন, “ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারে.শন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।”
অন্যদিকে বৈঠক শেষে স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত নিয়ে স্বরূপ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “এখনই মিডিয়াতে কিছু বলার মতো নেই। আজ এগজিবিটরদের সঙ্গে স্ক্রিনিং কমিটি মিটিংয়ে বসেছিল।” অনির্বাণ প্রসঙ্গে দেবের মন্তব্য শোনার আগে তিনি আলাদা করে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, দেব, রানা সরকার, নিশপাল সিং রানে, জয়দীপ মুখোপাধ্যায়, শতদীপ সাহা-সহ টলিপাড়ার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।



