বাজেটে ‘বেকার ভাতা’! শিক্ষিত কর্মহীনদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা রাজ্যের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের কথা জানাল তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ‘বাংলার যুব সাথী’ নামে এই নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আওতায় উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর এই আর্থিক সহায়তা মিলবে। আগামী ১৫ আগস্ট থেকেই প্রকল্পটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, তাও বাজেটে স্পষ্ট করা হয়েছে। আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ বাদে রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন। আগামী অর্থবর্ষে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
এর আগে রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক জনপ্রিয় সামাজিক প্রকল্প চালু রয়েছে। এবার যুব সমাজের দিকেও আর্থিক সহায়তার হাত বাড়াল রাজ্য সরকার। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার অঙ্কও বাড়ানো হয়েছে। বাজেটে ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা অনুযায়ী, জেনারেল কাস্টের মহিলারা মাসে ১৫০০ টাকা এবং এসসি ও এসটি শ্রেণিভুক্ত মহিলারা মাসে ১৭০০ টাকা করে ভাতা পাবেন। এই বাড়তি ভাতা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।



