জাতীয়

কনভয়ে কমবে গাড়ি, সপ্তাহে একদিন ‘নো ভেহিকল ডে’ যোগী সরকারের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কনভয়ে কমবে গাড়ি, সপ্তাহে একদিন ‘নো ভেহিকল ডে’ যোগী সরকারের - West Bengal News 24

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা ক্রমশ বাড়ছে। ভোটপর্ব শেষ হতেই দেশে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হয়েছে। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আহ্বানে সাড়া দিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের সপ্তাহে অন্তত একদিন গণপরিবহণ ব্যবহার করতে হবে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে, ভিভিআইপি ও মন্ত্রীদের কনভয়ে থাকা গাড়ির সংখ্যা অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। মঙ্গলবার থেকেই সেই নির্দেশ কার্যকর হয়েছে। পাশাপাশি পেট্রল ও ডিজেলের ব্যবহার কমাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সপ্তাহে একদিন ‘নো ভেহিকল ডে’ পালনের কথা ঘোষণা করেছে যোগী সরকার। ওই দিন মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বাস বা ট্রেনে যাতায়াত করতে হবে। প্রশাসনের দাবি, এর ফলে যেমন সচেতনতা বাড়বে, তেমনই জ্বালানি সঞ্চয়ও সম্ভব হবে।

আরও পড়ুন :: শুভেন্দুর জন্য মনোহরা! বিধানসভায় মিষ্টি হাতে হাজির হুমায়ুন কবীর, রাজনৈতিক সৌজন্য নাকি নতুন সমীকরণ?

প্রসঙ্গত, গত রবিবার হায়দরাবাদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এই মুহূর্তে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। একান্ত প্রয়োজন হলে তবেই আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা উচিত দেশবাসীর। এর ফলে আমাদের শুধুমাত্র বৈদেশিক মুদ্রাই সাশ্রয় হবে না, যুদ্ধের জেরে দেশে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কমাতেও সাহায্য করবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত কেন্দ্র সরকার পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাসের দাম না বাড়ালেও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী ১৫ মে-র আগেই জ্বালানির দাম বাড়তে পারে।

তার আগেই মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তা বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা ও মন্ত্রী তাঁদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সপ্তাহে একদিন ‘নো ভেহিকল ডে’ পালন করে গণপরিবহণ ব্যবহারের সিদ্ধান্তকে যথেষ্ট ব্যতিক্রমী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button