
ভোটে খারাপ ফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষের পারদ চড়তে শুরু করেছে। পুনর্নির্বাচন এবং ফলতার জাহাঙ্গির খানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে দলের ভিতরে চাপা ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে সরব হয়েছেন দলের তিন জয়ী বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিশেষ করে দলের কঠিন সময়ে জাহাঙ্গির খানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তাঁরা জানতে চান, কেন এখনও তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি।
দলের অন্দরের এই পরিস্থিতি সামাল দিতেই এবার উদ্যোগী হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। জানা গিয়েছে, বিকেলে তিন বিধায়কই কালীঘাটে পৌঁছন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের আলোচনা হয়। যদিও বৈঠকের পরও জাহাঙ্গির খানের বিরুদ্ধে দল আদৌ কোনও ব্যবস্থা নেবে কি না, তা স্পষ্ট হয়নি।
আরও পড়ুন :: পুষ্পা পালাতেই তৃণমূলের ভোট চাইলেন শুভঙ্কর, বললেন ‘কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে’
উল্লেখ্য, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে মঙ্গলবার ছিল শেষ দফার প্রচার। সেদিনই জাহাঙ্গির খান ঘোষণা করেন, “আমি এই ভোটে লড়ছি না।” তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কালীঘাটের বৈঠকেও সেই বার্তাই সকলকে মনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে সূত্রের খবর, বৈঠকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বেশ আক্রমণাত্মক মনোভাব নেন। পাশাপাশি সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ উগরে দেন। নাম না করেই তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এমনকি জাহাঙ্গির খানকে ‘কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা’ বলেও কটাক্ষ করেন ঋতব্রত ও সন্দীপন।
কুণাল ঘোষদের বক্তব্য ছিল, ঘরোয়া বৈঠকের গণ্ডিতে না রেখে দলের কর্মী-নেতাদের খোলাখুলি মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কোনও অভিযোগ বা ক্ষোভ থাকলে তা লিখিতভাবে জানাতে হবে। তবে সেই বার্তায় বিশেষ প্রভাব পড়েনি বলেই মত রাজনৈতিক মহলের। মঙ্গলবারের বৈঠকে কুণাল, ঋতব্রত ও সন্দীপনদের অবস্থানেই দলের অভ্যন্তরীণ ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। সেই পরিস্থিতি সামাল দিতেই সম্ভবত বুধবার ফের তাঁদের কালীঘাটে ডেকে পাঠানো হয়।



