আসামরাজ্য

অসমে পাশ অভিন্ন দেওয়ানি বিধি! হিমন্তের পথেই কি এবার বাংলাতেও মাস্টারস্ট্রোক শুভেন্দুর?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অসমে পাশ অভিন্ন দেওয়ানি বিধি! হিমন্তের পথেই কি এবার বাংলাতেও মাস্টারস্ট্রোক শুভেন্দুর? - West Bengal News 24

উত্তরাখণ্ড ও গুজরাটের পর এবার অসমেও পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। বুধবার অসম বিধানসভায় ধ্বনিভোটে অনুমোদন পায় এই বিল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারেই সরকার গঠন হলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় ফিরেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটলেন হিমন্ত বিশ্বশর্মারা। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, বাংলার নির্বাচনী ইস্তেহারেও যেহেতু একই প্রতিশ্রুতি ছিল, তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ নেবে শুভেন্দু অধিকারীর সরকার?

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে তৎপর হন হিমন্ত বিশ্বশর্মা। গত ১৩ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এই পদক্ষেপ। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ, সেই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার অসম বিধানসভায় পেশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল এবং বুধবার ধ্বনিভোটে তা পাশ হয়ে যায়।

আরও পড়ুন :: লক্ষ্মীবারেই মায়াপুরে ‘মুখ্যমন্ত্রী’ শুভেন্দু! গো-পুজো থেকে সাধুসঙ্গ, তবে কি বড় কোনো মহোৎসবের প্রস্তুতি?

উল্লেখযোগ্যভাবে, বাংলাতেও সরকার গঠনের তিন মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনে বিপুল জয় পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি। এরপর দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানান, খুব শীঘ্রই বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে পারে। তাঁর বক্তব্য, “রাজ্য সরকার যেদিন মনে করবে সেদিনই বাংলায় চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। কারণ, আইনের চোখে সকলেই সমান। কেউই আলাদা নন।”

তবে অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও পাহাড় ও সমতলের সমস্ত আদিবাসী গোষ্ঠীকে এর আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও রীতিনীতিকেও ছাড় দেওয়া হয়েছে। ফলে এখন জল্পনা, হিমন্ত বিশ্বশর্মার মডেল অনুসরণ করে বাংলাতেও কি একইভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে? প্রতিবেশী রাজ্যের মতো এখানেও কি কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে, নাকি কেন্দ্রীয় আইনের আদলেই তা সম্পূর্ণভাবে চালু হবে? এই নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা।

আরও পড়ুন ::

Back to top button