লক্ষ্মীবারেই মায়াপুরে ‘মুখ্যমন্ত্রী’ শুভেন্দু! গো-পুজো থেকে সাধুসঙ্গ, তবে কি বড় কোনো মহোৎসবের প্রস্তুতি?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে করে তিনি মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছবেন বলে সূত্রের খবর। সেখানে নেমে প্রথমেই গোশালায় গিয়ে গোমাতার পুজো করতে পারেন মুখ্যমন্ত্রী। এরপর একটি যজ্ঞানুষ্ঠানেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও এই সফর নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এটি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সফর হিসেবেই দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে কয়েকজন বিজেপি সাংসদ ও বিধায়কও থাকতে পারেন বলে খবর। সকাল ১০টা নাগাদ মায়াপুরে পৌঁছে সেখান থেকে তিনি সরাসরি গোশালায় যাবেন।
আরও পড়ুন :: নিশানায় কল্যাণ! শুভেন্দুর বৈঠকের পরেই বিস্ফোরণ, দলীয় পদ ছাড়লেন ক্ষুব্ধ কাকলি ঘোষ দস্তিদার
সেখানে গোমাতার পুজো দেওয়ার পর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরেও যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি একটি যজ্ঞানুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানা গিয়েছে। এছাড়াও সফর চলাকালীন বিভিন্ন সাধুসন্তদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথমে দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক সফরে যান তিনি। সেখানে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি ফলতা পুনর্নির্বাচনের আগে জনসভাতেও অংশ নিয়েছিলেন। এরপর উত্তরবঙ্গ সফরেও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে তিন জেলার প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। এবার তাঁর মায়াপুর সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে জল্পনা। যদিও এই সফরে কোনও দলীয় বা প্রশাসনিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।



