পুজোর আগেই ‘স্বাস্থ্যসাথী’ উপভোক্তাদের বাছাই, আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দুর্গাপুজোর আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তার যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাঁদের আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Scheme) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসকরাও।
প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রায় পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত একটি ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ প্রস্তুত করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন :: ইকো পার্কে মাথা তুলছে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ! ৬ জুলাই বাংলায় এসে খোদ অমিত শাহ করবেন মেগা শিলান্যাস!
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারির কথাও বলা হয়েছে বৈঠকে। পাশাপাশি, কোন আধিকারিক কোন দায়িত্বে রয়েছেন, তাঁদের নাম ও যোগাযোগের নম্বর প্রকাশ্যে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে পরিষেবা পেতে সাধারণ মানুষের কোনও সমস্যা হলে তাঁরা সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এলাকার সমস্যা দ্রুত প্রশাসনের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সমস্ত তথ্য ও ডেটাবেস স্বচ্ছভাবে সংরক্ষণ ও পরিচালনার বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় নির্ধারিত যোগ্য উপভোক্তারা চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন। রাজ্য ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। তবে আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে বলেই সরকার জানিয়েছে।



