
বাংলার অন্যতম বড় উৎসব দুর্গাপুজো। রথযাত্রার দিন থেকেই কার্যত শুরু হয়ে যায় শারদোৎসবের দিনগোনা। শাস্ত্রীয় রীতি মেনে এই দিন বহু পুজো কমিটি খুঁটিপুজোর আয়োজন করে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে রথের দিনেই নিজেদের থিম ও পরিকল্পনা প্রকাশের চলও বেড়েছে।
এ বছরও সেই ধারার ব্যতিক্রম হল না। কলকাতার দুই জনপ্রিয় পুজো কমিটি ২০২৬ সালের দুর্গোৎসবের থিম ঘোষণা করেছে। ফলে বাংলায় বসেই এবার দর্শনার্থীরা রাজস্থানের হাওয়া মহল এবং গুজরাটের সোমনাথ মন্দিরের আদল দেখতে পাবেন। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
কখনও বুর্জ খলিফা, কখনও বিখ্যাত ব্যাসিলিকা, আবার কখনও ডিজনিল্যান্ড মণ্ডপসজ্জায় প্রতি বছরই দর্শকদের নতুন চমক উপহার দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। একটি পুজো শেষ হওয়ার পর থেকেই পরের বছরের থিম কী হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয় দর্শনার্থীদের মধ্যে। এই পুজোর প্রধান উদ্যোক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসু। তবে ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পর দুর্নীতি মামলায় বর্তমানে তিনি জেলবন্দি। যদিও ক্লাবের অন্যান্য সদস্যদের দাবি, তার প্রভাব পুজোর আয়োজনে পড়বে না। সেই অনুযায়ী রথযাত্রার দিন থেকেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন :: রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটিপুজো, এবার দু’দিন সপ্তমী, দুর্গাপুজোর আর কত বাকি?
শ্রীভূমি সূত্রে জানা গিয়েছে, এ বছর তাদের পুজো ৫৪তম বর্ষে পদার্পণ করছে। ২০২৬ সালের দুর্গাপুজোয় মণ্ডপ তৈরি হবে রাজস্থানের ঐতিহাসিক হাওয়া মহলের আদলে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো একডালিয়া এভারগ্রিন। সাবেকি ঘরানার এই পুজোর সঙ্গে একসময় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রতি বছরই কোনও না কোনও বিখ্যাত মন্দিরের স্থাপত্য মণ্ডপে তুলে ধরার জন্য একডালিয়ার আলাদা পরিচিতি রয়েছে।
এ বছর একডালিয়া এভারগ্রিনের পুজো ৮৪তম বর্ষে পড়ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাদের মণ্ডপ নির্মিত হবে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে। রথযাত্রার দিন নিয়ম মেনেই আনুষ্ঠানিকভাবে থিম ঘোষণা করেছেন তাঁরা।
কলকাতার দুই জনপ্রিয় পুজো কমিটির থিম প্রকাশ্যে আসতেই শহরবাসীর মনে শারদোৎসবের আবহ আরও স্পষ্ট হয়ে উঠেছে।



