রাজ্য

রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দুর সরকার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দুর সরকার - West Bengal News 24

রাজ্যের প্রাক্তন বিধায়কদের দীর্ঘদিনের পেনশন বৃদ্ধির দাবিতে এবার পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বর্তমানের তুলনায় এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হতে পারে প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্ক। এতদিন রাজ্যের প্রাক্তন বিধায়কদের জন্য নির্ধারিত পেনশনের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। ফলে সেই অর্থে সংসার চালাতে সমস্যায় পড়তেন বহু প্রাক্তন বিধায়ক। সেই কারণেই এবার পেনশনের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দেশের একাধিক রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন বাংলার তুলনায় অনেকটাই বেশি। মহারাষ্ট্রে প্রাক্তন বিধায়করা ৫০ থেকে ৭০ হাজার টাকা, ঝাড়খণ্ডে ৪০ থেকে ৭৫ হাজার টাকা এবং উত্তরাখণ্ড ও কর্নাটকেও প্রায় একই ধরনের পেনশন পান। সেখানে বাংলায় এতদিন প্রাক্তন বিধায়কদের মাসিক পেনশন ছিল মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। এর সঙ্গে মিলত ৬ হাজার টাকা মেডিক্যাল ভাতা। অর্থাৎ সব মিলিয়ে মাসে ১৪ থেকে ১৮ হাজার টাকা পেতেন তাঁরা।

আরও পড়ুন :: বাংলাদেশ থেকে একের পর এক খুনের হুমকি! ভবানীভবনে ঋতব্রত

পেনশন বৃদ্ধির এই দাবি অবশ্য নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমল থেকেই প্রাক্তন বিধায়করা এই দাবিতে সরব ছিলেন। তবে সেই সময় তাঁদের দাবিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর বিষয়টি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিবেচনার জন্য তুলে ধরেছিলেন। কিন্তু সেই উদ্যোগেও বিষয়টির কোনও সুরাহা হয়নি।

সরকার পরিবর্তনের পর ফের পেনশন বৃদ্ধির দাবি নিয়ে নতুন মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের কাছে যান প্রাক্তন বিধায়করা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শেষ পর্যন্ত প্রাক্তন বিধায়কদের দাবিতে সম্মতি দিয়েছে বর্তমান সরকার। নতুন ব্যবস্থায় তাঁদের পেনশনের অঙ্ক প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এবার থেকে প্রাক্তন বিধায়কদের ন্যূনতম মাসিক পেনশন ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ পেনশন ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে যে ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা দেওয়া হয়, সেটিও বহাল থাকবে। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়কদের জন্য আরও কিছু সুযোগ-সুবিধা বাড়ানো যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাবরই এই বিষয়টি নিয়ে খুব সংবেদনশীল। তিনি বিরোধী দলনেতা থাকাকালীনও বিষয়টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। আমরা প্রাক্তন বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিষদীয় দপ্তর থেকে প্রস্তাব অর্থদপ্তরে গিয়েছে। এটা যেহেতু আইনের বিষয় তাই আগামী দিনে আমরা আইন আনব।”

আরও পড়ুন ::

Back to top button