আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা! কত লক্ষ মহিলা পাচ্ছেন? বড় ঘোষণা নবান্ন থেকে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে নতুন সরকারের ১০০ দিন পূর্তির শুভলগ্নে বহুপ্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, চলতি অগস্ট মাসেই রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পৌঁছে যাবে। ১৭ অগস্ট থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ অগস্ট পর্যন্ত।
১ কোটি ৪৫ লক্ষ মহিলা পাচ্ছেন প্রকল্পের সুবিধা এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আজ বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হল। এটি আমাদের সবার কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের একটি দিন। মুখ্যমন্ত্রী আগেই এই যোজনা চালুর বার্তা দিয়েছিলেন। মহিলাদের আশ্বস্ত করে জানাতে চাই, এই প্রকল্পে মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে স্ক্রুটিনির পর ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে।” তিনি আরও জানান, ১৭ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত টানা চার দিন ধরে ধাপে ধাপে যোগ্য সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ সম্পন্ন হবে।
আপাতত স্থগিত নতুন আবেদন গ্রহণ আবেদন যাচাইকরণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। বর্তমানে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখার কাজ চলছে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনের যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।”
গুজবে কান না দেওয়ার আবেদন প্রকল্পটিকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সমালোচনা ও বিভ্রান্তিকর প্রচারের জবাব দিয়ে মন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু মহল থেকে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভেরিফিকেশন পর্ব শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বিরতি থাকলেও কোনো যোগ্য মহিলাই এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন না।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে ১৭ অগস্ট থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছানো শুরু হবে। সেই প্রতিশ্রুতি মতোই এদিন থেকে টাকা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।



